ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রিকশা নিয়ে পদ্মাসেতুতে, গার্ডকে দেখে নদীতে ঝাঁপ চালকের

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৪৫, ১৯ জুন ২০২৩
রিকশা নিয়ে পদ্মাসেতুতে, গার্ডকে দেখে নদীতে ঝাঁপ চালকের
ছবি: সংগৃহীত

পদ্মাসেতুর মাওয়া প্রান্তের এক্সিট লেন দিয়ে হঠাৎ করেই একটি ব্যাটারিচালিত অটোরিকশা পদ্মাসেতুতে উঠে আসেন। এ সময় গার্ডকে দেখে সেতুতে অটোরিকশা রেখে নদীতে ঝাঁপ দেন চালক।

রোববার (১৮ জুন) দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। পদ্মাসেতুর দক্ষিণ থানা সূত্রে এ তথ্য জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রাত দেড়টার দিকে মাওয়া প্রান্তের এক্সিট (সেতুর দক্ষিণ পাড় থেকে ঢাকাগামী গাড়ির লেন) লেন দিয়ে একটি অটোরিকশা দ্রুত গতিতে সেতুতে উঠতে থাকে। এ অবস্থায় পদ্মাসেতু ও এক্সপ্রেসওয়েতে নিরাপত্তার দায়িত্বে টহলরত গাড়ি দিয়ে অটোরিকশাকে থামাতে ছুটে আসে এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষের গাড়িটি। তবে অটোরিকশার গতি বেশি থাকায় দ্রুত সেতুর ২১ নম্বর পিলারের নিকট চলে আসে। এ সময় রিকশা থামিয়ে রেলিংয়ে উঠে নদীতে ঝাঁপ দেন অটোরিকশা চালক।

Advertisement

খবর পেয়ে পদ্মাসেতুর দক্ষিণ থানা পুলিশ, নৌপুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে ছুটে আসে। চালক নিখোঁজ রয়েছেন এবং কী কারণে এ কাণ্ড ঘটালো তা জানা সম্ভব হয়নি। তবে ধারণা করা হচ্ছে, ধরা পড়ার ভয়ে অটোরিকশা রেখেই নদীতে ঝাঁপ দেন চালক।

পদ্মাসেতুর দক্ষিণ থানার এসআই ফিরোজ আল মামুন বলেন, আকস্মিক ঘটনাটি ঘটেছে। অটোরিকশা চালককে উদ্ধারে নৌপুলিশ কাজ করছে। গভীর রাতে এমন কাণ্ড কেন ঘটিয়েছে তা জানা সম্ভব হয়নি। 

চরজানাজাত নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. রুহুল আমিন জানান, নদীতে উদ্ধার অভিযান চলমান রয়েছে। তবে এখনো ওই চালকের খোঁজ মেলেনি। 

পদ্মাসেতুর দক্ষিণ থানার ওসি এমারত হোসেন জানান, মাওয়া প্রান্ত থেকে এসে সেতুর ২১ নম্বর পিলার পর্যন্ত এসেছিল অটোরিকশাটি। ওখান থেকে নদীতে ঝাঁপ দেন তিনি। উদ্ধার অভিযান চলমান রয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!