ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ড্রাইভিং পেশার আড়ালে গাঁজার কারবার

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ২২:০২, ১৮ জুন ২০২৩
ড্রাইভিং পেশার আড়ালে গাঁজার কারবার
ছবি: ডেইলি বাংলাদেশ

ড্রাইভিং পেশার আড়ালে নজরুল ইসলাম করেন গাঁজার কারবার। ফেনীর পাঁচগাছিয়া এলাকা থেকে ২৯ কেজি গাঁজাসহ তাকে শনিবার রাতে আটক করেছে র‌্যাব। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়।

আটক নজরুল কুমিল্লার চৌদ্দগ্রামের নোয়াপাড়া গ্রামের মো. আইয়ুব আলী মাস্টারের ছেলে। চট্টগ্রাম র‌্যাব-৭ এর ফেনী কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম র‌্যাব-৭ এর ফেনী কোম্পানি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কতিপয় মাদক ব্যবসায়ী একটি পিকআপে মাদকদ্রব্য বহন করে বিক্রির উদ্দেশে ফেনী থেকে নোয়াখালীর দিকে নিয়ে যাচ্ছিল। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব রাত সাড়ে ৯টার দিকে ফেনীর পাঁচগাছিয়া এলাকায় ফেনী-নোয়াখালী মহাসড়কের ওপর একটি অস্থায়ী চেকপোস্ট বসায়।

Advertisement

এ সময় একটি সন্দেহজনক পিকআপকে থামানোর সংকেত দেওয়া হয়। সেটি দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা পিকআপসহ মো. নজরুল ইসলামকে আটক করেন। পরে পিকআপের ড্রাইভিং সিটের পাশ থেকে দুটি প্লাস্টিকের বস্তার ভেতর হতে ২৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে আটক যুবক জানান, তিনি ড্রাইভিং পেশার আড়ালে দীর্ঘদিন ধরে মাদক দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন।

র‌্যাব-৭ এর ফেনী কোম্পানি কমান্ডার জানান, এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য ফেনী মডেল থানায় গাঁজাসহ ঐ যুবককে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: গাঁজা ফেনী
লিংক সফলভাবে কপি হয়েছে!