ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রিজার্ভ ট্রিপ নিয়ে সিলেটে স্বামী, ঘরে ঢুকে গৃহবধূর সর্বনাশের চেষ্টায় বৃদ্ধ

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৭, ১৪ জুন ২০২৩
রিজার্ভ ট্রিপ নিয়ে সিলেটে স্বামী, ঘরে ঢুকে গৃহবধূর সর্বনাশের চেষ্টায় বৃদ্ধ
ফাইল ছবি

মাদারীপুরের শিবচরে আয়নাল খাঁ (৬৫) নামে এক বৃদ্ধের বিরুদ্ধে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রায় দুই সপ্তাহ পর মঙ্গলবার (১৩ জুন) রাতে শিবচর থানায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে অভিযুক্ত আয়নাল খাঁ (৬৫) নামের স্থানীয় ওই ব্যক্তির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।

ভুক্তভোগী পরিবারের দাবি, অভিযুক্তরা মামলা না করতে ভয়ভীতি দেখানোর কারণে মামলা দায়ের করতে বিলম্ব হয় তাদের। অভিযুক্ত আয়নাল খাঁ ওই এলাকার মৃত গোলাপ খাঁর ছেলে।

স্থানীয় ও শিবচর থানা সূত্রে জানা গেছে, শিবচরের সন্যাসীরচর ইউনিয়নের আদু খারকান্দি গ্রামে স্ত্রীকে নিয়ে স্থানীয় আছমত খলিফা নামের এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকেন বাসচালক স্বামী। গত ২৬ মে বিকেলে বাসের রিজার্ভ ট্রিপ নিয়ে সিলেটের উদ্দেশ্যে যান ওই গৃহবধূর স্বামী। ২৯ মে সকালে ওই গৃহবধূর ছোট ভাই পাশের মক্তবে গেলে আয়নাল খাঁ ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় গৃহবধূর চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে আয়নাল খাঁ পালিয়ে যান।

Advertisement

ভুক্তভোগী গৃহবধূ জানান, আমার স্বামী বাসচালক। সেদিন সকালে তিনি বাড়িতে ছিলেন না। আমার ছয় বছরের ছোট ভাই ভোরে পাশের মক্তবে গেলে আয়নাল খাঁ ঘরে ঢুকে আমাকে জাপটে ধরেন। আমি চিৎকার করলে তিনি পালিয়ে যান। এ বিষয় নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করেন। 

ভুক্তভোগীর বাবা বলেন, আমি খবর পেয়ে মেয়ের ভাড়া বাড়িতে আসি এবং সবকিছু শুনে আয়নাল খাঁর বাড়িতে যাই। আয়নাল খাঁর বড় ছেলে বিষয়টি কাউকে না জানাতে বলেন। বিষয়টি নিয়ে থানায় যোগাযোগ করতে চাইলে আয়নাল খাঁর ছেলেরা আমাদের ওপর হামলাও করেন। পরে গতকাল আমরা থানায় মামলা করেছি। 

এদিকে ঘটনার পরপরই থানায় মামলা করতে গেলে থানা পুলিশ মামলা নিতে অস্বীকার করেন বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। থানায় যাওয়ার কারণেই অভিযুক্তরা তাদের ওপর হামলাও চালান বলে জানান তারা।

শিবচর থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, আগে কেউ মামলার জন্য আসেননি। মঙ্গলবার (১৩ জুন) রাতে ভুক্তভোগীর বাবা এসে মামলা করেছেন। আমরা অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা করছি। আশা করছি, দ্রুতই তাকে গ্রেফতারে সক্ষম হবো। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!