ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বনে ফিরলো খাঁচাবন্দি লজ্জাবতী বানর

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৯, ১২ জুন ২০২৩
বনে ফিরলো খাঁচাবন্দি লজ্জাবতী বানর
ছবি: ডেইলি বাংলাদেশ

রাতের আঁধারে খাদ্যের সন্ধানে লোকালয়ে আসে বিরল প্রজাতির একটি লজ্জাবতী বানর। এক গাছ থেকে আরেক গাছে খাদ্য খোঁজাখুঁজির একপর্যায়ে হঠাৎ মানুষের নজরে পড়ে এটি। পরে গাছ থেকে নামিয়ে বন্দি করা হয় খাঁচায়। 

তবে শেষপর্যন্ত লোহার খাঁচাবন্দি লজ্জাবতী বানরটিকে উদ্ধার করেন পরিবেশ ও বন্যপ্রাণী রক্ষায় স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য এনিমেলস অফ সুসং এর সদস্যরা। 

সোমবার নেত্রকণার দুর্গাপুরে গাঁওকান্দিয়া ইউনিয়নের পাহাড়ি সীমান্তবর্তী এলাকা কালিকাবর গ্রাম থেকে বানরটি উদ্ধার করেন স্বেচ্ছাসেবকরা। পর্যবেক্ষণ ও চিকিৎসা শেষে প্রাণীটিকে উপজেলা প্রশাসন ও বন বিভাগের সহায়তায় সোমবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের ঘন জঙ্গলে অবমুক্ত করা হয়। 

Advertisement

স্থানীয়রা জানান, গত শনিবার রাতে কালিকাবর গ্রামে রাস্তায় পাশে লজ্জাবতী বানরটিকে ঘোরাফেরা করতে দেখতে পান স্থানীয় বাসিন্দা নূর মোহাম্মদ। বিষয়টি গ্রামের আরো কয়েকজনকে জানালে তারা বানরটিকে খাঁচাবন্দি করে রাখেন।

নূর মোহাম্মদ বলেন, বাজার থেকে রাতে বাড়ি ফিরছিলাম। পথে রাস্তার পাশে অচেনা প্রাণীটি চোখে পড়ে। সেটিকে আমি বাড়ি নিয়ে আসি। একপর্যায়ে জানতে পারি এটি বিরল প্রজাতির লজ্জাবতী বানার। পরে সেভ দ্য এনিমেলস অফ সুসং এর সদস্যরা আসলে তাদের কাছে প্রাণীটি হস্তান্তর করি।

সেভ দ্য এনিমেলস অফ সুসং এর যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুল হক সুমন জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ পাওয়া যায়- গাঁওকান্দিয়া ইউনিয়নের কালিকাবর গ্রামে বিরল প্রজাতির একটি লজ্জাবতী বানরকে খাঁচাবন্দি করে রাখা হয়েছে। রোববার দুপুরে একটি রেস্কিউ টিম ঐ গ্রাম থেকে খাঁচাবন্দি অবস্থায় প্রাণীটিকে উদ্ধার করে। বানরটিকে একদিন পর্যবেক্ষণে রাখা হয়। পরবর্তীতে বন বিভাগ এবং স্থানীয় প্রশাসনের সহায়তায় এটিকে বনে অবমুক্ত করা হয়।

উপজেলা রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ দেওয়ান আলী জানান, উদ্ধারকৃত লজ্জাবতী বানর খুবই বিরল। স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য এনিমেলস অফ সুসং এর স্বেচ্ছাসেবকরা একটি গ্রাম থেকে বানরটি উদ্ধার করে নিয়ে আসেন। পরে এটি অবমুক্ত করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!