ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গ্রাম পুলিশ হত্যাকাণ্ডের মূল আসামিসহ গ্রেফতার ২

নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ২২:১৩, ৩ জুন ২০২৩
গ্রাম পুলিশ হত্যাকাণ্ডের মূল আসামিসহ গ্রেফতার ২
ছবি: ডেইলি বাংলাদেশ

নড়াইলের লোহাগড়া উপজেলার কুমড়ি গ্রামের গ্রাম পুলিশ বকুল শেখ হত্যাকাণ্ডের ঘটনায় মূল আসামিসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

গ্রেফতারকৃতরা হলেন আজমল শেখ ওরফে জাহিদ শেখ ও রুবেল শেখ। পৃথক অভিযান চালিয়ে লোহাগড়া থানা পুলিশ তাদেরকে গ্রেফতার করে। 

শনিবার বেলা ১১টার দিকে নড়াইল পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। এ সময় নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম, দোলন মিয়া, লোহাগড়া থানার ওসি নাসির উদ্দীনসহ পুলিশের ঊর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

Advertisement

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গত ২৮ মে রাতে দিঘলিয়া ইউপির ৮ নম্বর ওয়ার্ডের (কুমড়ি) গ্রাম পুলিশ বকুল শেখকে পূর্ব শত্রুতার জের ধরে কুপিয়ে হত্যা করা হয়। নিহত বকুল শেখ কুমড়ি গ্রামের পূর্ব পাড়ার মৃত বদির শেখের ছেলে। এ ঘটনায় গত ৩০ মে নিহতের ছেলে রমজান শেখ বাদী হয়ে লোহাগড়া থানায় ৭ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। 

পুলিশের অভিযানে কুমড়ি গ্রামের আইনাল শেখের ছেলে রুবেল শেখকে গ্রেফতার করে লোহাগড়া থানা পুলিশ। গ্রেফতার রুবেলের দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার নড়াইল ও গোপালগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কুমড়ী (পূর্বপাড়া) গ্রামের মোসলেম শেখ ওরফে পাগল কটার ছেলে আজমল শেখ ওরফে জাহিদ শেখকে গ্রেফতার করে। 

জাহিদের দেওয়া তথ্য মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ১ টি ছোরা  উদ্ধার করেছে পুলিশ। জাহিদ শেখের বিরুদ্ধে নড়াইল, লোহাগড়া ও নড়াগাতি থানায় চুরি, দস্যুতা ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। গ্রাম পুলিশ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে জাহিদ ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

পুলিশ সুপার মোসা. সাদিরা খাতুন আরো জানান, নিহত বকুল শেখ ও আসামিদের মাঝে দীর্ঘদিন যাবৎ পারিবারিক কলহ ও জমি-জমা নিয়ে গ্রাম্য শত্রুতা চলে আসছিল।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: নড়াইল
লিংক সফলভাবে কপি হয়েছে!