শনিবার দুপুরে শহরের পৌর এলাকার বর্গাবাইদে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত শেখ মোহাম্মদ রুকন ও তার ভাই শেখ মোতালেবকে আটক করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, শনিবার সকাল ১১টার দিকে বর্গাবাইদ উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র রায়হান তার সহপাঠীদের নিয়ে পাশের এলাকা মনিরাজপুরে ফুটবল খেলতে যাচ্ছিলেন। ওই সময় শেখ রুকনের ছেলে বুলবুল ও তার ৫-৬ জন বন্ধুকে নিয়ে তাদের ওপর হামলা চালায়। এ সময় উভয়পক্ষের মধ্যে মারামারি হয়। পরে আশপাশের লোকজন এসে তাদের সরিয়ে দেন।
.png)
এ ঘটনার পর রায়হান তার বন্ধুদের নিয়ে আজাদ সরকারি বিদ্যালয় মাঠে ফুটবল খেলতে গেলে শেখ রুকনের ভাই শেখ মোতালেবের নেতৃত্বে ৭-৮ জন গিয়ে রায়হান, যোবায়ের, রাহাত ও লিমনকে তুলে নিয়ে একটি গাছের সঙ্গে বেঁধে মারধর শুরু করেন। খবর পেয়ে অভিভাবকরা ৯৯৯-এ ফোন দিলে ঘটনাস্থলে গিয়ে ওই ৪ স্কুলছাত্রকে উদ্ধার করে জামালপুর সদর থানা পুলিশ। এ সময় নির্যাতনের অভিযোগে শেখ মোহাম্মদ রুকন এবং তার ভাই শেখ মোতালেবকে আটক করেছে পুলিশ।
জামালপুর জেলা শিশু সুরক্ষা কমিটির সভাপতি জাহাঙ্গীর সেলিম বলেন, শিশুদের ওপর এ অমানবিক নির্যাতন আমাদের শিশু আইন এবং শিশু রক্ষা নীতিমালা এবং জাতি সংঘের শিশু অধিকার সনদের পরিপন্থি। এটা শাস্তিযোগ্য অপরাধ। এ ঘটনার উপযুক্ত তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমরা
জামালপুর সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ বলেন, আমরা ৯৯৯ -এ খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠিয়ে নির্যাতিতদের উদ্ধার করে নিয়ে আসি। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। নির্যাতিতদের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।