ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

১ যুগ পর হত্যা মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

ধামরাই প্রতিনিধি
প্রকাশিত: ১০:১৯, ২৭ মে ২০২৩
১ যুগ পর হত্যা মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার
ছবি: সংগৃহীত

১ যুগ পর দানিশ হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি জিন্নাত আলীকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার সাভারের উলাইল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি গ্রেফতার এড়াতে ১২ বছর ঢাকার বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।

শুক্রবার বিকেলে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার রাকিব মাহমুদ খান।

জিন্নাত আলী ধামরাই থানার কুশুরা ইউনিয়নের শাসন (কাশিমনগর) গ্রামের মো. নান্নু মিয়ার ছেলে।

Advertisement

র‌্যাব-৪ এর সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান জানান, গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ২০০৯-১০ সালে জিন্নাত আলী গ্যাং ধামরাই উপজেলায় চাঁদাবাজি, ছিনতাই, অপহরণ, ধর্ষণ, হত্যাসহ এক ত্রাসের রাজত্ব সৃষ্টি করে।

২০১০ সালের ১৮ সেপ্টেম্বর জিন্নাতসহ তার গ্যাংয়ের অন্যান্য সদস্যরা ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের কাশিপুর গ্রামের দানিশ নামে এক কিশোরকে অপহরণ করে পরিবারের নিকট মুক্তিপণ দাবি করে। দানেশের পরিবার অসচ্ছল হওয়ায় দাবিকৃত মুক্তিপণ দিতে পারেনি। এতে অপহরণকারীরা কিশোর দানিশের গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে।

এ ঘটনায় দানেশের মা শোভা আক্তার বাদী হয়ে ধামরাই থানায় একটি হত্যা মামলা করলে পুলিশ জিন্নাত আলীকে গ্রেফতার করে জেলহাজতে পাঠায়। ১৮ মাস কারাভোগের পর বিচারাধীন অবস্থায় শর্ত সাপেক্ষে জামিনে বেরিয়ে আসেন জিন্নাত। পরে গত ২০২২ সালে দানিশ অপহরণ ও হত্যা মামলায় জিন্নাত আলীর যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। এর পর থেকেই জিন্নাত গ্রেফতার এড়াতে ঢাকার বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: ধামরাই
লিংক সফলভাবে কপি হয়েছে!