সোমবার দুপুরে নাট্যংপাড়া এলাকার মোহাম্মদ শাহ এমরানের বাড়ি থেকে মেছোবাঘের ছানাটি উদ্ধার করেন স্থানীয়রা। এরপর বিকেলে টেকনাফ বন বিভাগের বেতবাগান-সংলগ্ন সায়রন খাল এলাকায় এটিকে অবমুক্ত করা হয়।
স্থানীয়রা জানান, নাইট্যংপাড়া এলাকার মোহাম্মদ শাহ এমরানের বাড়িতে শিশুরা খেলাধুলার সময় মেছোবাঘের বাচ্চাটি দেখতে পায়। এরপর স্থানীয় লোকজন এসে এটিকে জাল দিয়ে ধরে বন বিভাগে খবর দেন।
.png)
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের অধীন টেকনাফ সদরের বিট কর্মকর্তা আবুল কালাম জানান, খবর পেয়ে বন বিভাগের লোকজন ঘটনাস্থলে গিয়ে মেছোবাঘের ছানাটি উদ্ধার করে রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসেন। এরপর এটিকে মাছ খেতে দেওয়া হয়। পরে মেছোবাঘের ছানাটি টেকনাফ বন বিভাগের বেতবাগান-সংলগ্ন সায়রন খাল এলাকায় অবমুক্ত করা হয়।
দক্ষিণ বন বিভাগের কর্মকর্তা সারোয়ার আলম বলেন, প্রথমে আমরা মেছোবাঘের ছানাটি উদ্ধার করে এনে একটি কক্ষে রেখে পর্যবেক্ষণ করেছি। সুস্থ থাকায় বিকেলে এটাকে টেকনাফ বন বিভাগের বেতবাগান-সংলগ্ন সায়রন খাল এলাকায় অবমুক্ত করা হয়েছে।
অবাধে বনজঙ্গল উজাড় হওয়ায় খাদ্যসংকটে পড়ে মেছোবাঘের বাচ্চাটি লোকালয়ে ঢুকে পড়ে বলে মনে করেন এই কর্মকর্তা।