শনিবার গুরুদাসপুর উপজেলার কোলাকান্তনগর আম বাগানে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা।
জেলা প্রশাসক বলেন, গাছ থেকে আম সংগ্রহ, বিপনন ও পরিবহনের সকল প্রকার প্রতিবন্ধকতা নিরসন করে ক্রেতা পর্যায়ে নিরাপদ ফল নিশ্চিত করতে জেলা প্রশাসন বদ্ধপরিকর। এই লক্ষ্য বাস্তবায়নে আম উৎপাদক ও আম ব্যবসায়ী এবং পরিবহন ব্যবসায়ীদের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ অব্যাহত রাখা হবে। জনস্বাস্থ্য নিশ্চিত করতে বাগানে কেমিক্যালমুক্ত ফল প্রাপ্তিতে প্রশাসনিক নজরদারি ও অব্যাহত থাকবে। সকলের সম্মিলিত চেষ্টায় মধুময় হবে মধুমাস।
.png)
উপজেলা নির্বাহী অফিসার শ্রাবণী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মো. আব্দুল ওয়াদুদ, উপজেলা কৃষি অফিসার হারুনর রশীদ, আহম্মদপুর আম আড়তদার মালিক সমিতির সভাপতি আব্দুর রউফ, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন এবং গুরুদাসপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীল মোহাম্মদ।
জেলার আম সংগ্রহ সময়সূচি অনুসারে আজ ২০ মে থেকে গোপালভোগ, ২৫ মে থেকে রাণী পছন্দ ও লক্ষণভাগ, ৩০ মে থেকে ক্ষিরসাপাত, ১০ জুন থেকে ল্যাংড়া, ২০ জুন থেকে মোহনভোগ ও আম্রপালি, ২৫ জুন থেকে ফজলী ও হাড়িভাঙ্গা, ৫ জুলাই থেকে মল্লিকা, ১০ জুলাই থেকে বারি-৪, ২০ জুলাই থেকে আশ্বিনা এবং ২০ আগস্ট থেকে গৌরমমি আম গাছ থেকে সংগ্রহ করা যাবে।
নাটোর জেলায় চলতি বছর ৫ হাজার ৭৪৭ হেক্টর আম বাগান থেকে ৮০ হাজার ৪০০ টন আম আহরণ হবে বলে আশা করা হচ্ছে।