বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নাগডেমরা ইউনিয়নের সেলন্দা গ্রামে বাধার বিলে এ ঘটনা ঘটে।
নিহত আওয়াল সেলন্দা গ্রামের মৃত খোরশেদ আলীর ছেলে। আহতদের সাঁথিয়া, পাবনা সদর হাসপাতাল এবং পার্শ্ববর্তী সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
.png)
আহতরা হলেন- মুজিবর রহমান পক্ষের মুজিবর রহমান (৫০), মিঠু হোসেন (৩৮), মিরাজুল ইসলাম (২৮), সিরাজুল ইসলাম (৩০), হাসিদুল ইসলাম (৩০), হিটু প্রামানিক (২৮), লাল চাঁদ (২৫), মনিরুল ইসলাম (২৫), আশিক হোসেন (১৫), হাসিনা খাতুন (৪৫), আমজাদ পক্ষের জুলহাস প্রামানিক (৩৮), লিটন হোসেন (৩২) ও বাবলু হোসেন (৩০)। অন্যদের নাম জানা যায়নি।
জানা যায়, বাধার বিলের জমি নিয়ে সেলন্দা গ্রামের আমজাদ আলী গংদের সঙ্গে একই গ্রামের মুজিবর রহমান গংদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ঐ জমিতে চলতি মৌসুমে ধান রোপণ করেন মুজিবর রহমান গং। বৃহস্পতিবার সকালে ঐ জমিতে ধান কাটতে যান আমজাদ আলী ও তার লোকজন। এতে বাধা দেন মুজিবর রহমান ও তার লোকজন। এ সময় কথা-কাটাকাটি থেকে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে টেঁটার আঘাতে মুজিবর পক্ষের আব্দুল আওয়াল ঘটনাস্থলেই মারা যান।
সাঁথিয়া থানার ওসি রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
ওসি আরো বলেন, সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। আর পরিবারের পক্ষ থেকে মামলা করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।