ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেঘনায় ২৭ মাঝিমাল্লা নিয়ে ট্রলারডুবি, মৃত ১

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১২, ১৬ মে ২০২৩
মেঘনায় ২৭ মাঝিমাল্লা নিয়ে ট্রলারডুবি, মৃত ১
ফাইল ছবি

ভোলার চরফ্যাশনে ঝড়ের কবলে পড়ে ২৭ জন মাঝিমাল্লা নিয়ে ট্রলারডুবির ঘটনায় এক জেলের মৃত্যুর খবর পাওয়া গেছে। সোমবার রাতে হাজারীগঞ্জ ইউনিয়নের মাইনউদ্দিন ঘাট থেকে অদূরে মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

এ সময় বাতাসের তোড়ে উল্টে যাওয়া ট্রলারে কেবিনে আটকে পড়ে মোশারেফে হোসেন মসু নামের এক জেলের মৃত্যু হয়। তিনি হাজারীগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃত সৈয়দ আলীর ছেলে। 

জেলে ট্রলারের মাঝি খোরশেদ আলম জানান, সোমবার রাতে হাজারীগঞ্জ ইউনিয়নের মাইনউদ্দিন মৎস্য ঘাট থেকে মাছ শিকারের জন্য ট্রলারটি ছেড়ে যায়। ট্রলারে মোট ২৭ জন ছিলেন। ঘাট থেকে দুই কিলোমিটার যাওয়ার পর মেঘনা নদীতে ট্রলারটি হঠাৎ ঝড়ের কবলে পড়ে বাতাসের তোড়ে উল্টে যায়।

Advertisement

এ সময় অপর জেলেরা মেঘনায় ছিটকে পড়লেও ট্রলারে আটকে যান মোশারেফ হোসেন। নদীতে থাকা সামরাজ ঘাটের কাদের মাঝির মাছ ধরা ট্রলার মেঘনায় ভাসমান জেলেদের উদ্ধার করে। এ সময় জেলে মোশারফের সন্ধান পাওয়া যায়নি। পরে উদ্ধার হওয়া ট্রলার নিয়ে তীরে ফিরে এলে ট্রলারের কেবিনে আটকে থাকা জেলে মোশারেফের মরদেহ দেখতে পাওয়া যায়।

শশীভূষণ থানার ওসি মো. মিজানুর রহমান পাটোয়ারী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মারুফ হোসেন মিনার জানান, মৃত জেলের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!