সম্প্রতি উপজেলার জিন্নাহ মার্কেটের দ্বিতীয় তলায় ব্যবসায়ী মাহমুদুল হাসানের কনফেকশনারির দোকানে এ চাঁদা দাবি ও ভাঙচুরের ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার আদিপৈত গ্রামের মো. আনছারুল আলমের ছেলে ঠিকাদার মাহমুদুল হাসানের মেলান্দহ বাজারে জিন্নাহ মার্কেটের দ্বিতীয় তলায় কনফেকশনারির ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। একই উপজেলার মলিকাডাংগা গ্রামের মো. তালেব ডিলারের ছেলে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আক্তারুজ্জামান ওরফে আক্তারসহ ৪-৫ জন ঐ ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ২৮ লাখ টাকা চাঁদা দাবি করেন। এ সময় দোকান কর্মচারীরা চাঁদা দিতে রাজি না হওয়ায় তাদের অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করেন।
.png)
এছাড়া কনফেকশনারিতে থাকা কম্পিউটার, স্ক্যানার মেশিনসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র ভাঙচুর করে। এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়।
ভুক্তভোগী ব্যবসায়ী মাহমুদুল হাসান বলেন, যুবদল নেতা আক্তার আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন। তাদের দাবিকৃত টাকা না দিলে আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছেন।
মেলান্দহ থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, কনফেকশনারির দোকান ভাঙচুর, চাঁদা দাবির ঘটনায় একটি মামলা হয়েছে। আসামিদের দ্রুত সময়ে গ্রেফতারের চেষ্টা চলছে।