ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হুইল চেয়ারে বসেই এসএসসি পরীক্ষা দিচ্ছেন নয়ন

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪২, ১২ মে ২০২৩
হুইল চেয়ারে বসেই এসএসসি পরীক্ষা দিচ্ছেন নয়ন
হুইল চেয়ারে বসে আছেন নয়ন মিয়া

এসএসসি পরীক্ষার্থী নয়ন মিয়া। আট-দশজন শিশুর মতোই স্বাভাবিক ছিলেন নয়ন। হাঁটা-চলা ও খেলাধুলা করতেন তিনি। এমনকি সাইকেল চালিয়ে স্কুলেও যেতেন নয়ন। কিন্তু ২০১৫ সালে হঠাৎ তার জীবনের নেমে আসে অন্ধকার। কমে যেতে থাকে হাতে-পায়ের শক্তি। চিকন হয়ে যায় এবং হাঁটা-চলার শক্তি হারিয়ে ফেলে নয়ন। পরে এক হৃদয়বান ব্যক্তি তাকে একটি হুইল চেয়ার দেন। বন্ধুরাই সেই চেয়ারে বসিয়ে তাকে প্রতিদিন স্কুল নিয়ে যায় এবং ক্লাস শেষে বাড়িতে রেখে আসে। হুইল চেয়ারে চলছে নয়নের জীবন। শারীরিক প্রতিবন্ধকতাকে হার মানিয়ে হুইল চেয়ারে বসেই এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন নয়ন।

নয়ন মিয়া রংপুরের কাউনিয়া উপজেলার নাজিরদহ একতা বাজার এলাকার বাসিন্দা লোকমান হোসেনের ছেলে। তিনি একতা উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছেন।

নয়ন মিয়া জানান, তিনি জন্মের পর থেকে সুস্থ ছিলেন। পরে হঠাৎ করে তার শারীরিক অবস্থার অবনতি হয় এবং শক্তি হারিয়ে ফেলেন। কিন্তু লেখাপড়ার মনোবল হারিয়ে যায়নি। চালিয়ে যাচ্ছেন তার পড়ালেখা।

Advertisement

নাজিরদহ একতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমজান আলী বলেন, নয়ন বন্ধুদের সহযোগিতায় নিয়মিত স্কুল আসতো। শিক্ষকরা আন্তরিকতার সঙ্গে তাকে পাঠদানসহ খোঁজ খবর রাখতো। সে হারাগাছ দরদী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষা দিচ্ছে।

দরদী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মাহফুজার রহমান বলেন, সে হুইল চেয়ারে বসে বিশেষ ব্যবস্থায় পরীক্ষা দিচ্ছে। সব সময় পাশে থেকে তার খোঁজ খবর নিচ্ছেন কক্ষ পরিদর্শক।
 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!