টাঙ্গাইল কোর্ট পুলিশ ইন্সপেক্টর তানবীর আহমেদ জানান, আলোচিত এ মামলার প্রধান আসামি শাহেদ আদালতে আত্মসমর্পণ করেন। পরে বিচারক আরিফুল ইসলাম তার জামিন আবেদন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত শাহেদ। নেশার টাকা জোগাড় করতে গিয়ে ঘরের নিত্যপ্রয়োজনীয় জিনিস একে একে বিক্রি করেন তিনি। সর্বশেষ গত সপ্তাহে তার টিনের ঘরটিও বিক্রি করে দেন। এ নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় তার। এরই জেরে স্ত্রী মনিরা বেগম ও আট বছরের ছেলে মুশফিক ও দুই বছরের ছেলে মাশরাফিকে হত্যা করে পালিয়ে যান শাহেদ।
.png)
দেলদুয়ার থানার ওসি নাসির উদ্দিন মৃধা বলেন, গত শনিবার সন্ধ্যায় উপজেলার দেউলী ইউনিয়নের চকতৈল গ্রামে শাহেদের স্ত্রী মনিরা বেগম ও তার দুই ছেলের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় পরদিন রোববার নিহত মনিরার মা আবেদা বেগম ৩ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন।
তিনি আরো বলেন, পরে আদালতে জামিন চেয়ে আত্মসমর্পণ করেন শাহেদ। কিন্তু বিচারক তার জামিন আবেদন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।