বৃহস্পতিবার সকালে এই দণ্ডাদেশ প্রদান করেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল।
দণ্ডপ্রাপ্তরা হলেন নালিতাবাড়ী উপজেলার পোড়গাঁও ইউপির আন্ধারুপাড়া (বারমারী বাজার সংলগ্ন) গ্রামের ফজর আলীর পুত্র ফারুক আহম্মেদ ও নন্নী ইউপির কয়রাকুড়ি গ্রামের নুর হোসেনের পুত্র কবির আহমেদ।
.png)
জানা গেছে, বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ও নন্নী ইউপিতে টাস্কফোর্স অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে গাঁজা সেবনের অপরাধে আন্ধারুপাড়া গ্রামের ফারুক আহম্মেদকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে কয়রাকুুড়ি গ্রামের কবির আহমেদকে ইয়াবা সেবনের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ মোতাবেক ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়।
এই টাস্কফোর্স অভিযানের সময় উপস্থিত ছিলেন শেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিদর্শক এনামুল হকসহ অন্যান্য সদস্য ও নালিতাবাড়ী থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল বলেন, মাদকের ভয়াল থাবা থেকে বাঁচতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।