ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রোগী সেজে ভুয়া চিকিৎসক ধরলেন ইউএনও

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ২২:২৪, ১০ মে ২০২৩
রোগী সেজে ভুয়া চিকিৎসক ধরলেন ইউএনও
ছবি: ডেইলি বাংলাদেশ

নোয়াখালীতে রোগী সেজে এক ভুয়া চিকিৎসককে হাতেনাতে আটক করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার দুপুরে নোয়াখালী শহরের জহুরুল হক মিয়ার গ্যারেজ এলাকা থেকে ঐ ভুয়া চিকিৎসককে আটক করা হয়। দণ্ডপ্রাপ্ত ভুয়া চিকিৎসকের নাম এম ইউ সবুজ।

জানা যায়, শহরের জহুরুল হক মিয়ার গ্যারেজ এলাকায় এম ইউ সবুজ নামে এক ব্যক্তি চিকিৎসক সেজে চেম্বার খুলে দীর্ঘদিন ধরে চিকিৎসার নামে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। গোপন সূত্রে এ তথ্য পেয়ে বুধবার সকালে ইউএনও নিজাম উদ্দিন আহমেদ নিজেই ঐ ব্যক্তির মুঠোফোনে যোগাযোগ করে সিরিয়াল দেওয়ার অনুরোধ করেন। তখন তাকে বলা হয়- সিরিয়াল লাগবে না, ডাক্তার সাহেব চেম্বারে আছেন। এরপর দুপুর ১২টার দিকে ইউএনও নিজেই পুলিশ নিয়ে ঐ ব্যক্তির চেম্বারে গিয়ে অভিযান চালান।

Advertisement

সদর উপজেলার ইউএনও নিজাম উদ্দিন আহমেদ বলেন, অভিযানের সময় ঐ ব্যক্তি নিজেকে চিকিৎসক হিসেবে পরিচয় দিলেও বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের কোনো সনদ দেখাতে পারেননি। ভুয়া চিকিৎসক সেজে চিকিৎসা দেওয়ার বিষয়টি তিনি স্বীকার করেছেন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!