ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কক্সবাজারে প্রবাসীর স্ত্রীর রক্তাক্ত লাশ উদ্ধার 

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫৮, ১০ মে ২০২৩
কক্সবাজারে প্রবাসীর স্ত্রীর রক্তাক্ত লাশ উদ্ধার 
ছবি: সংগৃহীত

কক্সবাজারের ঈদগাঁওয়ের জঙ্গল মাছুয়াখালী এলাকা থেকে ধলু বিবি নামের এক প্রবাসী স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে তার লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহত ধলু বিবি ওই এলাকার মালয়েশিয়া প্রবাসী আবদু রহমানের স্ত্রী। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, নিহত ধলু বিবি মানসিক ভারসাম্যহীন, ঘটনার আগের রাতে ঘর থেকে বের হয়ে পার্শ্ববর্তী এক বাড়ির পুকুর পাড়ে আম কুড়াতে যায়। পরদিন সকালে পুকুরের সিঁড়ির পাশে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

Advertisement

নিহত ধলু বিবির ভাই মাহবুবুর রহমান জানান, তার বোন মানসিকভাবে ভারসাম্যহীন ছিল। রাত ১ টার দিকে ঘর থেকে বের হয়ে যায়। পরদিন সকালে লাশ দেখতে পায়। তার শরীরের বিভিন্ন স্থানে ক্ষতের চিহ্ন রয়েছে বলে জানান তিনি৷ 

তার কোনো প্রতিপক্ষ ছিল না দাবি করে মাহবুবুর রহমান আরো বলেন, শরীরের ক্ষতের চিহ্ন গুলো থেকে সন্দেহ করা হচ্ছে কে বা কারা হত্যা করে লাশ ফেলে রেখেছে। এলাকার কেউ কেউ বলছে আম কুড়ানোর সময় সীমানা প্রাচীরের টেংরায় পেঁচিয়ে অথবা আম গাছ থেকে পড়ে গিয়ে গুরুতর জখম হয়েছে, তাৎক্ষণিক চিকিৎসা না পাওয়ায় মারা গেছে।

ঈদগাঁও থানার ওসি গোলাম কবির জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসলে প্রকৃত রহস্য জানা যাবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!