বুধবার দুপুরে চুয়াডাঙ্গা শহরের একটি বেসরকারি হাসপাতালে চার শিশুকে দেখতে গিয়ে তাদের নাম রাখেন জেলা প্রশাসক। এর আগে, মঙ্গলবার সন্ধ্যায় কল্পনা খাতুন নামে এক গৃহবধূ ঐ হাসপাতালে একসঙ্গে চার কন্যা শিশুর জন্ম দেন।
জানা যায়, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জুরানপুর ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের মাহাবুবের স্ত্রী কল্পনার একসঙ্গে চার কন্যা সন্তানের জন্ম দেওয়ার খবর পেয়ে বুধবার তাদের দেখতে যান জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। এ সময় তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোসহ নগদ ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন তিনি। এছাড়া হাসপাতাল কর্তৃপক্ষকে নবজাতকদের যাবতীয় চিকিৎসা খরচ বিনামূল্যে প্রদান করার জন্য অনুরোধ জানান। এ সময় মাহাবুব-কল্পনা দম্পতির অনুরোধে জেলা প্রশাসক নবজাতকদের নাম রাখেন।
.png)
চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান বলেন, একসঙ্গে চার কন্যা শিশুর জন্ম নেয়া খবর পেয়ে ক্লিনিকে তাদের দেখতে যাই। তাদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে মিষ্টিমুখ করানো হয়েছে এবং আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। আমরা হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ করেছি তারা যেন নবজাতকদের যাবতীয় চিকিৎসা খরচ বিনামূল্যে প্রদান করে।
তিনি আরো বলেন, এ সময় শিশুদের বাবা-মায়ের অনুরোধে তাদের যথাক্রমে দোয়েল, কোয়েল, ময়না ও টিয়া নাম রাখা হয়। চার নবজাতকসহ তাদের মা সুস্থ আছেন। আমরা তাদের পাশে আছি। তাদের যেকোনো প্রকার সহায়তা লাগলে তা প্রদান করা হবে।