ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শেরপুরে ইজিবাইক চালক হত্যা মামলায় গ্রেফতার ৫

শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:০২, ৮ মে ২০২৩
শেরপুরে ইজিবাইক চালক হত্যা মামলায় গ্রেফতার ৫
শেরপুরে ইজিবাইক চালক হত্যা মামলায় গ্রেফতার ৫ -ছবি: ডেইলি বাংলাদেশ

শেরপুরে ইজিবাইক চালক উজ্জ্বল মিয়া হত্যা মামলার প্রধান আসামিসহ পাঁচজনকে গ্রেফতার করেছে র‌্যাব ১৪।

সোমবার বিকেলে শহরের মাধবপুরস্থ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব ১৪ এর কমান্ডার মহিবুল ইসলাম খান।

গ্রেফতারকৃতরা হলেন- সদর উপজেলার রঘুনাথপুর এলাকার সুরুজ মিয়ার ছেলে শামীম মিয়া (৩০), চোরাই ইজিবাইকটি ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত দুসরা ছনকান্দা কালাম বাজার এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে আবুল হোসেন (২৭), জামালপুর সদরের আজাহার আলীর ছেলে রুবেল হোসেন (৩৫), মৃত জিন্নত আলীর ছেলে সুলতান মিয়া (৪৫) ও আব্দুল করিমের ছেলে মঞ্জুরুল হক (৩০)।

Advertisement

মহিবুল ইসলাম খান বলেন, গত ২৮ এপ্রিল শেরপুর সদর উপজেলার খুনুয়া চরপাড়া এলাকার মৃত নূর ইসলাম ওরফে হলু শেখের ছেলে উজ্জল মিয়া তার ব্যাটারিচালিত ইজিবাইক নিয়ে ভাড়ায় যাত্রী বহনে বের হয়ে নিখোঁজ হন। পরদিন ২৯ এপ্রিল সকালে পার্শ্ববর্তী খুনুয়া পশ্চিমপাড়া এলাকার একটি ধানক্ষেত  থেকে উজ্জ্বল মিয়ার লাশ পাওয়া যায় এবং ইজিবাইকটি ছিনতাই করে নিয়ে যান দুর্বৃত্তরা।

এ ঘটনায় নিহতের ভাই সুজন মিয়া বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং জড়িত আসামিদের শনাক্ত ও গ্রেফতারের অভিযান চালায়। পরে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ করে জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার এমএম সবুজ রানার উপস্থিতিতে র‌্যাবের একটি দল গত ৭ মে ঢাকার ধামরাই কলেজরোড থেকে ওই মামলার প্রধান সন্দিগ্ধ শামীম মিয়াকে আটক করে।

তিনি আরো বলেন, শামীমকে জিজ্ঞাসাবাদে তিনি ইজিবাইক চালক উজ্জ্বল মিয়াকে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। তিনি জানান, তারা কয়েকজন ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশ্যে ভীমগঞ্জ থেকে দশআনি যাওয়ার জন্য ইজিবাইক ভাড়া করেন। যাওয়ার পথে ইজিবাইক চালককে সদর উপজেলার ভীমগঞ্জ বাজারের কাছে ব্রিজের নিচে নিয়ে ইলেকট্রিক তার গলায় পেঁচিয়ে হত্যা করে লাশটি খুনুয়া পশ্চিমপাড়া এলাকায় ধানক্ষেতের ভেতর ফেলে ইজিবাইকটি নিয়ে পালিয়ে যান। পরবর্তীতে ইজিবাইকটি বিক্রির জন্য আবুল হোসেনকে দেন।

এরপর আবুল হোসেন তার ভায়রা ভাই রুবেল হোসেনের সহায়তায় সুলতান মিয়ার বসতবাড়ির ধানের গোলার ভেতর ছিনতাইকৃত ইজিবাইকটির বিভিন্ন পার্টস ও যন্ত্রাংশ লুকিয়ে রাখেন। আর ব্যাটারি মঞ্জুরুল ইসলাম নামে একজনের কাছে ৩১ হাজার টাকায় বিক্রি করেন। পরবর্তীতে তাদের ৪ জনকেই আটক করা হয়। গ্রেফতার পাঁচজনকেই সদর থানার মাধ্যমে সোমবার আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: শেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!