চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা, শাজাহানপুর ও দেবীনগর ইউনিয়নে সন্ধ্যায় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়। নিহতরা হলেন- সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের সোনাপট্টি গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে রফিক উদ্দিন, শাহজাহানপুর ইউনিয়নের রফিকুল ইসলামের ছেলে জাহাঙ্গীর আলম ও দেবীনগর ইউনিয়নের মোজাম্মেলের ছেলে ইসারুল।
.png)
পুলিশ জানায়, জমিতে ধান কাটছিলেন রফিক উদ্দিন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান তিনি। ইসারুল ইসলাম পদ্মায় মাছ ধরতে গিয়েছিলেন। ওই সময় বজ্রপাত হলে তিনিও ঘটনাস্থলে মারা যান। এদিকে স্থানীয় চাঁদতারা মসজিদের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় বজ্রপাত হলে ঘটনাস্থলে মারা যান জাহাঙ্গীর আলম।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, সন্ধ্যার দিকে জেলায় ব্যাপক বৃষ্টি শুরু হয়। এ সময় তিন ইউনিয়নে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে।
নরসিংদী
নরসিংদীর রায়পুরা ও বেলাবোতে বজ্রপাতে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো একজন। দুপুরে রায়পুরার অলিপুরা ইউনিয়নের লোচনপুর গ্রামে ও বেলাবো উপজেলার চর লক্ষ্মীপুর গ্রামের ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রায়পুরার উত্তর বাখরনগর ইউনিয়নের লোচনপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে আহাদ মিয়া ও একই গ্রামের বাছেদ মিয়ার ছেলে রানা মিয়া। এ ঘটনায় আহত হয়েছেন একই গ্রামের নাছির উদ্দিনের ছেলে শিমন মিয়া। নিহত আরেকজন হলেন বেলাবো উপজেলার চর লক্ষ্মীপুর নামাপাড়া গ্রামের তাজু মিয়ার স্ত্রী হেলেনা বেগম।
নিহত রানার বড় ভাই রুবেল মিয়া জানান, আহাদ, রানা ও শিমন তিন বন্ধু ঢাকায় একটি শপিং ব্যাগ তৈরির কারখানায় কাজ করেন। ঈদের ছুটিতে তারা বাড়িতে আসেন। দুপুরে তারা তিন বন্ধু ঝালমুড়ি খাওয়ার জন্য স্থানীয় বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে মাটিতে লুটিয়ে পড়েন তারা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে আহাদ ও রানাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। গুরুতর আহত অবস্থায় শিমনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অন্যদিকে হেলেনা বেগম ঘাস খাওয়ানোর জন্য ছাগল নিয়ে মাঠে গিয়েছিলেন। হঠাৎ বজ্রপাত শুরু হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
বগুড়া
বগুড়ার আদমদীঘিতে বিকেলে ধানক্ষেতে বজ্রপাতে ছোলায়মান আলী নামে এক কৃষকের মৃত্যু হয়। নিহত ছোলায়মান আলী ওই গ্রামের আয়েজ উদ্দিনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলার কুন্দগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামিম-উল ইসলাম।
তিনি জানান, বাগিচাপাড়া গ্রামের মাঠে ধান কাটছিলেন ছোলায়মান আলীসহ চার কৃষক। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান ছোলায়মান আলী।