ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চকরিয়ায় পুলিশের ওপর হামলাকারী প্রধান আসামি গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৮, ২৭ এপ্রিল ২০২৩
চকরিয়ায় পুলিশের ওপর হামলাকারী প্রধান আসামি গ্রেফতার
ফাইল ছবি

কক্সবাজারের চকরিয়ায় এসআইসহ পুলিশের তিন সদস্যকে কুপিয়ে অস্ত্র ছিনতাইয়ের মামলায় প্রধান আসামি মো. রাকিবকে (২০) অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার দিবাগত রাত দেড়টার দিকে দেশীয় একটি বন্দুকসহ তাকে আটক করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

চকরিয়া থানার এসআই রাজীব সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

গ্রেফতার রাকিব উপজেলার বরইতলী ইউনিয়নের হাফালিয়া কাটা এলাকার মোরারপাড়ার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জেলার হারবাং ফাঁড়ির এসআই শামীম আল মামুনের নেতৃত্বে একদল পুলিশ বরইতলী রাস্তার মাথা-পহরচাঁদা সড়কে টহল দিচ্ছিল। এ সময় মো. রাকিব নামের এক তরুণকে তল্লাশি করতে চাইলে তিনি পালিয়ে পাশের একটি বাড়িতে ঢুকে চিৎকার শুরু করেন। একপর্যায়ে স্থানীয় লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালান। এ সময় পুলিশের কাছ থেকে একটি শর্টগান ছিনিয়ে নেন হামলাকারী ব্যক্তিরা। ওই হামলায় এসআই শামীম, কনস্টেবল তরিকুল ও মামুন গুরুতর আহত হন।

এ ঘটনায় চকরিয়া থানার এসআই অপু দে বাদী হয়ে ৩০ জনের বিরুদ্ধে মামলা করেন। দুইদিনের অভিযানে ১৫ জনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। গত রাতে প্রধান আসামি মো. রাকিবকে গ্রেফতার করা হয়।

চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, হামলার ঘটনায় প্রধান আসামি রাকিবসহ এখন পর্যন্ত ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। রাকিবের বিরুদ্ধে অস্ত্র আইনে নতুন আরেকটি মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!