ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাদক মামলায় নারীর যাবজ্জীবন

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩০, ২৫ এপ্রিল ২০২৩
মাদক মামলায় নারীর যাবজ্জীবন
ফাইল ফটো

সিরাজগঞ্জে পৃথক মাদক মামলায় রোকসানা বেগম নামে এক নারীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে মামলাগুলোতে মোট ৪০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো চার বছর কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ রায় দেন সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির। দণ্ডপ্রাপ্ত রোকসানা বেগম শহরের মাহমুদপুর ২ নম্বর গলি মহল্লার মৃত নুরুল ইসলাম মোহনের স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে পলাতক রয়েছেন।  

বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের স্টেনোগ্রাফার রাশেদুল হাসান।   

Advertisement

মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ১৪ আগস্ট দুপুরে নিজ বাড়িতে অভিযান চালিয়ে রোকসানাকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ। পরে তার দেওয়া স্বীকারোক্তি মতে ১৭০ গ্রাম হেরোইন ও ৫০টি ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা করেন গোয়েন্দা পুলিশের এসআই মনিরুল ইসলাম। 

মামলায় রাষ্ট্রপক্ষে মোট ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার এ রায় দেন বিচারক। রায়ে অবৈধভাবে হেরোইন রাখার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া ইয়াবা রাখার দায়ে এক বছর সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।  

অপরদিকে ২০১৭ সালের ৭ জানুয়ারি সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র‌্যাব-১২ সদস্যরা। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় রোকসানাকে আটক করা হয়। এ সময় তার শরীর তল্লাশি করে ৪৩ গ্রাম ওজনের ৪১ পুরিয়া হেরোইন এবং ১৫০টি ইয়াবা জব্দ করা হয়।  

এ ঘটনায় র‌্যাব-১২ এর ডিএডি ইউনুছ আলী বাদী হয়ে মামলা করেন। রাষ্ট্রপক্ষে মোট সাতজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার এ রায় দেন বিচারক। রায়ে হেরোইন রাখার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া ইয়াবা রাখার দায়ে সাত বছর সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।  

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!