ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভূঞাপুরে বৃষ্টির আশায় ইস্তিসকার নামাজ আদায়

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২২, ২০ এপ্রিল ২০২৩
ভূঞাপুরে বৃষ্টির আশায় ইস্তিসকার নামাজ আদায়
ছবি: ডেইলি বাংলাদেশ

বৃষ্টির আশায় টাঙ্গাইলের ভূঞাপুরে বিশেষ নামাজ (সালাতুল ইস্তিসকার) আদায় করেছে গ্রামবাসী। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কয়েড়া বটতলা ঈদগাঁ মাঠে খোলা আকাশের নিচে এই নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে প্রায় দুই শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন।

ইস্তিসকার নামাজে অংশ নেয়া স্কুলশিক্ষক আলম বলেন, প্রচণ্ড দাবদাহ থেকে মুক্তি পেতে বৃষ্টির জন্য বিশেষ নামাজ ও মোনাজাতের আয়োজন করে গ্রামবাসী। গরমের কারণে মানুষ ও প্রাণীকূল নাকাল হয়ে পড়েছে। সবার খুবই কষ্ট হচ্ছে। জমির আধাপাকা ধানসহ বিভিন্ন ফসল নষ্ট হচ্ছে। এ থেকে মুক্তির জন্য আল্লাহর দরবারে দুই হাত তুলে মোনাজাত করছি। নিশ্চয়ই আল্লাহ আমাদের দোয়া কবুল করে এ পরিস্থিতি থেকে মুক্তি দেবেন।

কয়েড়া ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. রুবেল সরকার বলেন, তীব্র খরা আর প্রচণ্ড গরমে নাকাল দেশের মানুষ। ঘরে-বাইরে কোথাও এক চিলতে স্বস্তি মিলছে না। তীব্র দাবদাহের কারণে নিম্ন আয়ের মানুষ ও রিকশাচালকসহ খেটে খাওয়া মানুষ চরম বিপাকে পড়েছেন। শিশু ও নারীরা আরও কষ্ট পড়েছে। তীব্র গরম থেকে মুক্তি পেতে আল্লাহর দরবারে বৃষ্টির জন্য প্রার্থনায় গ্রামবাসীর উদ্যোগে এ নামাজের আয়োজন করা হয়।

Advertisement

এ বিষয়ে কয়েড়া পূর্বপাড়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. বেলাল হোসেন বলেন, মহানবী (সা.) তৎকালীন সময়ে অনাবৃষ্টি ও খরার সময় সাহাবীদের সঙ্গে নিয়ে খোলা ময়দানে দুই রাকাত ইস্তিসকার নামাজ আদায় করতেন। আমরা আমাদের প্রিয় নবীর (সা.) সুন্নাহকে অনুসরণ করে বৃষ্টির জন্য দুই রাকাত নামাজ আদায় করেছি। মহান আল্লাহ আমাদের নামাজ কবুল করে রহমতের বৃষ্টি দেবেন- এমনটাই প্রত্যাশা।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: টাঙ্গাইল
লিংক সফলভাবে কপি হয়েছে!