ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নাটোরে ৬ জনের যাবজ্জীবন

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৪, ১৩ এপ্রিল ২০২৩
নাটোরে ৬ জনের যাবজ্জীবন
ছবি: সংগৃহীত

নাটোরে ধর্ষণ ও মানবপাচার মামলায় ৩ নারীসহ ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে উভয় মামলার সব আসামি পলাতক রয়েছেন বলে জানান তিনি।

Advertisement

পিপি. আনিসুর রহমান জানান, ২০২০ সালের ২৪ অক্টোবর নাটোর সদর উপজেলার চকতেবাড়িয়া গ্রামের এক কিশোরীকে পাচারের উদ্দেশ্যে তুলে পাবনার এক বাসায় নিয়ে গিয়ে আটকে রাখেন অভিযুক্তরা। পরে তাদেরই একজন ওই কিশোরীকে জোর করে বিয়ে করেন। শারীরিক নির্যাতনের মাধ্যমে অশ্লীল কর্মকাণ্ডে বাধ্য করেন তারা। সেখান থেকে পালিয়ে নাটোরে যাওয়ার পর মামলা করে ওই কিশোরী।

প্রয়োজনীয় সাক্ষ্য ও তথ্য প্রমাণ শেষে অভিযুক্ত হালিমা, আম্বিয়া, জেমি, নাইম ও আজবারের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত। এছাড়া প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে, একই আদালতে সিংড়া উপজেলার কুশাবাড়ি গ্রামে এক নারীকে ধর্ষণের অপর এক মামলার রায়ে আনছার আলী নামে একজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত। ২০০৪ সালে রাতে ওই নারীর ঘরে ঢুকে ধারালো অস্ত্র ধরে তাকে ধর্ষণ করে আনছার আলী। তাকেও যাবজ্জীবন কারাদণ্ডসহ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: নাটোর
লিংক সফলভাবে কপি হয়েছে!