গোপালগঞ্জের মুকসুদপুরে ১৩৫ ইয়াবাসহ বিপাশা নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার থেকে মাদক বিক্রির ২৬ হাজার ৪৭০ টাকা উদ্ধার করা হয়।
শনিবার (৮ এপ্রিল) রাত ১২টার দিকে পৌরসভার গোপীনাথপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের আনিস ঠাকুর স্ত্রী। রোববার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
.png)
বিষয়টি নিশ্চিত করে মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই সজীব মন্ডল এবং অশোক সাহা সংগীয় ফোর্স নিয়ে মাদক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী আনিস ঠাকুর পালিয়ে যান। পরে তার স্ত্রী বিপাশা বেগমকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যমতে, তাদের ঘরের থেকে ১৩৫ ইয়াবা এবং মাদক বিক্রির ২৬ হাজার ৪৭০ টাকা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে পুলিশের এসআই সজিব মন্ডল বাদী হয়ে মুকসুদপুর থানায় স্বামী আনিস ঠাকুর এবং তার স্ত্রী বিপাশা বেগমকে আসামি করে মাদক আইনে মামলা করেন।
পলাতক আসামি আনিস ঠাকুরকে গ্রেফতারের অভিযান চলছে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রাকিবুল ইসলাম।