ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পদ্মাসেতু পার হলো ট্রেন, আশার পালে নতুন হাওয়া

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৮, ৪ এপ্রিল ২০২৩
পদ্মাসেতু পার হলো ট্রেন, আশার পালে নতুন হাওয়া
পদ্মাসেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু হয়েছে

স্বপ্নের পদ্মাসেতু অতিক্রম করল ট্রেন। পরীক্ষামূলক হলেও ট্রেন চলাচলের নতুন ধাপে প্রবেশ করলো দক্ষিণাঞ্চল। মঙ্গলবার দুপুর ১টা ২১ মিনিটে ভাঙ্গা স্টেশন ছেড়ে আসে ট্রেনটি। এরপর প্রথম স্টেশন মালিগ্রাম সংলগ্ন বগাইলে পৌঁছায় ১টা ৪১ মিনিটে।

ট্রেনটি গড়ে ঘণ্টায় ২৫ কিলোমিটার বেগে চলছিল বলে জানা গেছে। ২টা ১০ মিনিটে শিবচরের পদ্মা স্টেশনে এসে পৌঁছায়। ২টা ৪০ মিনিটে পদ্মাসেতুতে ওঠে ট্রেনটি। পদ্মাসেতু পার হতে ১৬ মিনিট লাগে স্পেশাল এ ট্রেনের।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তিন ভাগে ভাগ করে পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্পের কাজ করা হচ্ছে। দিন-রাত দুই শিফটেই চলছে কার্যক্রম। পৃথিবীর শ্রেষ্ঠ প্রযুক্তি ভায়াডাক্টের ওপর পাথরবিহীন প্রায় সাড়ে ছয় কিলোমিটার রেলপথ স্থাপন হয়েছে মূল সেতুতে। মঙ্গলবার দুপুরে পরীক্ষামূলক ফরিদপুরের ভাঙ্গা থেকে পদ্মাসেতু হয়ে মাওয়া প্রান্তে যায় ট্রেনটি। পদ্মাসেতুর জাজিরা প্রান্ত থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত রেলপথ রয়েছে ৩২ কিলোমিটার। এর মধ্যে ভায়াডাক্ট উড়াল রেললাইন রয়েছে চার কিলোমিটার আর মাটির ওপর দিয়ে ২৮ কিলোমিটার। ভায়াডাক্টের চার কিলোমিটার রেললাইন প্রস্তুত করা হয়েছে পাথরবিহীন। আর ২৮ কিলোমিটার নির্মাণ করা হয়েছে পাথর দিয়ে।

Advertisement

জাজিরা প্রান্ত থেকে ভাঙ্গা পর্যন্ত তিনটি স্টেশন রয়েছে। শিবচরে দুইটি স্টেশন এবং ভাঙ্গায় জংশন রয়েছে। স্টেশনগুলোর ওপর দিয়ে ৩২ কিলোমিটার লাইন নির্মাণকাজ শেষ হয়েছে। এছাড়া ভাঙ্গা জংশনটি আধুনিকায়নের কাজ চলছে। এ প্রকল্পের মাধ্যমে ঢাকা-পদ্মাসেতু হয়ে চার জেলা (মুন্সীগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও নড়াইল) অতিক্রম করে যশোরের সঙ্গে রেল যোগাযোগ স্থাপিত হবে।

ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ৮২ কিলোমিটারের অংশে আগামী সেপ্টেম্বরে যাত্রীবাহী রেল চলাচলের আশা করছেন প্রকল্প পরিচালক আফজাল হোসেন। তিনি জানান, এরই মধ্যে ঢাকা থেকে পদ্মাসেতু হয়ে যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটার রেলপথে লেভেল ক্রসিংবিহীন ৩২টি রেল কালভার্ট, ৩৭টি আন্ডারপাস ও ১৩টি রেলসেতুর কাজ শেষ হয়েছে। চূড়ান্ত পর্যায়ে রয়েছে পদ্মাসেতুর দুই প্রান্তের রেলস্টেশনসহ নতুন ১৪টি স্টেশন নির্মাণ ও পুরোনো ছয়টি স্টেশনের কাজ।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!