ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আখাউড়ায় ৩ সাংবাদিকের ওপর হামলা, গ্রেফতার ৫

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১২:০০, ২ এপ্রিল ২০২৩
আখাউড়ায় ৩ সাংবাদিকের ওপর হামলা, গ্রেফতার ৫
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তিন সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ১০ জনকে আসামি করে মামলা হয়েছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে আখাউড়া থানায় মামলাটি করা হয়েছে। ওই মামলায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া থানার ওসি আসাদুল ইসলাম। তিনি জানান, সাংবাদিকদের ওপর হামলার ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৫ জনকে আটক করে। এ ঘটনায় আহত সাংবাদিক রুবেল আহমেদ বাদী হয়ে ১০ জনের নামে মামলা করেছেন। এর মধ্যে আটক ৫ জনকেও ওই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। প্রধান অভিযুক্তসহ অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

জানা যায়, বাজার মনিটরিং করতে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে আখাউড়া স্টেশন রোড এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংগ্যজাই মারমা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানকালে তথ্য সংগ্রহ করতে সেখানে যান সাংবাদিক হান্নান খাদেম, জালাল হোসেন মামুন  ও হাসান মাহমুদ পারভেজ। এ সময় সড়কে অবৈধভাবে মোটরসাইকেল পার্কিং করায় তিন মোটরসাইকেল মালিককে অর্থদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

Advertisement

এর মধ্যে সাতরং ফ্যাশন নামে এক ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক সোহাগ মিয়াকে ৫ হাজার টাকা জরিমানা করেন আদালত। জরিমানা করায় সোহাগ মিয়া ক্ষুব্ধ হয়ে আদালতের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন।

পরে বিকেলের দিকে সাংবাদিক হান্নান খাদেম, জালাল হোসেন মামুন ও রুবেল আহমেদ বাজারে যান। বাজারে তিন সাংবাদিককে দেখে সোহাগ মিয়া উত্তেজিত হয়ে বলেন, তোদের কারণে আমার জরিমানা হয়েছে। এ কথা বলেই সোহাগ মিয়া ও দোকানের কর্মচারীসহ ৯-১০ জন যুবক সাংবাদিকদের ওপর হামলা করে। হামলায় সাংবাদিক রুবেল আহমেদ আহত হন। এ সময় একটি ক্যামেরা ছিনিয়ে নেয় হামলাকারীরা। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!