ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বখাটেদের উত্ত্যক্ত, কোচিং থেকে ফিরেই ফাঁস নিলেন স্কুলছাত্রী

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৫৮, ২৮ মার্চ ২০২৩
বখাটেদের উত্ত্যক্ত, কোচিং থেকে ফিরেই ফাঁস নিলেন স্কুলছাত্রী
স্কুলছাত্রী অনি রায়

যশোরের ঝিকরগাছায় বখাটেদের উত্ত্যক্তের শিকার হয়ে অনি রায় নামে সপ্তম শ্রেণির এক ছাত্রীর গলায় ফাঁস দিয়েছেন। স্বজনদের দাবি, সকালে কোচিং শেষে বাড়ি ফেরার পথে বখাটেরা ধাওয়া দিলে বাড়ি ফিরেই আত্মহত্যা করেন তিনি।

সোমবার সকালে যশোরের ঝিকরগাছা উপজেলার হাসপাতাল রোড মিস্ত্রিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অনি রায় ঝিকরগাছা পৌর সদরের মিস্ত্রিপাড়া এলাকার প্রবাসী গৌতম রায়ের মেয়ে। তিনি ঝিকরগাছা বিএম হাইস্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

অনি রায়ের ভাই অর্ঘ্য রায় জানান, সোমবার সকালে প্রতিদিনের মতো স্কুলে কোচিংয়ের জন্য যান তার বোন। কোচিং শেষে বাড়ি ফিরে ঘরের দরজা আটকে মায়ের শাড়ি গলায় পেঁচিয়ে ফাঁস নেন অনি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তবে মৃত্যুর আগে অনি তার এক বান্ধবীকে কল দিয়েছিল। কিন্তু সে ফোন রিসিভ করেনি।

Advertisement

অর্ঘ্যের দাবি, তার বোন স্কুল থেকে ফেরার পথে কিছু বখাটে প্রায়ই তাকে উত্ত্যক্ত করতো। সোমবারও কয়েকজন তার পিছু নিয়েছিল।

প্রত্যক্ষদর্শী উর্মি জানান, অনি অনেক জোরে জোরে দৌড়ে বাড়ির দিকে যাচ্ছিল আর তিনটা ছেলে তার পিছু নিয়েছিল। হাসপাতালে নেয়ার পরে অনির ভাই অর্ঘ্যের সঙ্গে তিন যুবকের কথা-কাটাকাটি হয়। তার দাবি, ওই তিন যুবকই অনি রায়কে উত্ত্যক্ত করতো।

ঝিকরগাছা বিএম হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুস সামাদ বলেন, ‘অনি রায় স্কুলে কোচিং করতে এসেছিল। পরে বাসায় ফিরে আত্মহত্যা করে সে। তবে তাকে কেউ উত্ত্যক্ত করতো কিনা বিষয়টি আমার জানা নেই।

ঝিকরগাছা থানার ওসি সুমন ভক্ত বলেন, এখন পর্যন্ত উত্ত্যক্ত করার কোনো প্রমাণ মেলেনি। এ বিষয়ে তদন্ত চলছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!