ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্বামীর অপরাধে দুধের শিশুসহ জেল হাজতে স্ত্রী

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৪০, ২২ মার্চ ২০২৩
স্বামীর অপরাধে দুধের শিশুসহ জেল হাজতে স্ত্রী
স্বামীর অপরাধে দুধের শিশুসহ জেল হাজতে স্ত্রী

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় তুচ্ছ ঘটনায় দুই প্রতিবেশীর মধ্যে ছুরিকাঘাতের ঘটনায় জড়িত ব্যক্তিকে না পেয়ে তার স্ত্রী, দুধের শিশু সন্তানকে ধরে আদালতে পাঠানোর অভিযোগ উঠেছে। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে জালালাবাদ ইউনিয়নের পূর্ব ফরাজী পাড়া এলাকায়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ জানান, মঙ্গলবার পূর্ব ফরাজী পাড়া এলাকায় প্রতিবেশী মৃত নজীর আহমেদের ছেলে শাহজাহান ও মৃত আবু শামার ছেলে হারুন অর রশীদের মধ্যে নলকূপের পানি চলাচল নিয়ে বাগবিতণ্ডা হয়। এ সময় শাহাজাহান নামে এক যুবক হারুন অর রশীদকে নখ কাঁটার যন্ত্র দিয়ে আঘাত করেন। এতে আহত হন হারুন অর রশীদ। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় স্থানীয়রা। 

পরে খবর পেয়ে ঈদগাঁও থানার এসআই গিয়াস উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে বিকেলে শাহাজাহানের বাড়িতে অভিযান চালায়। এ সময় শাহাজাহানকে না পেয়ে তার স্ত্রী ফরিদা ইয়াসমিনসহ দুগ্ধপোষ্য এক শিশু এবং ২ বছরের আরো এক শিশুকে থানায় নিয়ে আসেন। পরে ভিকটিম হারুন অর রশীদের স্বজনদের থানায় মামলা করলে তাদের আদালতে পাঠানো হয়।

Advertisement

ঈদগাঁও থানার এসআই গিয়াস উদ্দিন জানান, মৌখিক অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শাহজাহানের স্ত্রীকে আটক করে নিয়ে আসা হয়। পরে ভিকটিম হারুন অর রশীদের পরিবার মামলা করেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।

ঈদগাঁও থানার ওসি গোলাম কবির বলেন, ভিকটিমের পরিবার এজাহার জমা দিয়েছে। এজাহারের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। শিশুদের বিষয়টি মানবিক বিবেচনায় রাখা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!