এরপর ঐ ছেলে ভাড়া বাড়ি থেকে নিয়ে গেলেও নিজের বাড়িতে নেননি বাবাকে। গণশৌচাগারে ফেলে রেখে যান বৃদ্ধ বাবাকে। পরে পুলিশ ঐ বৃদ্ধকে গণশৌচাগার থেকে উদ্ধার করে তার তিন ছেলের হাতে তুলে দেয়। শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে রাজশাহী মহানগরীর তালাইমারী এলাকায়।
জানা যায়, বৃদ্ধ লিয়াকত আলীর তিন ছেলে এবং এক মেয়ে। তার মেয়ের বিয়ে হয়েছে গেছে। ছেলেরাও বিয়ে করে আলাদা সংসার করেন। এর মধ্যে লিয়াকত আলী নিজের বসতভিটা সন্তানদের নামে লিখে দিয়েছেন। প্রথম স্ত্রী মারা যাবার পর তিনি দ্বিতীয় বিয়ে করেন। এই স্ত্রীকে নিয়ে নিজের বাড়িতে জায়গা হয়নি তার। এজন্য নগরীর কাজলা এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন। তবে ভাড়া দিতে পারতেন না বলে মালিক বৃদ্ধর ছোট ছেলে সুমন আলীকে ডেকে তার বাবাকে নিয়ে যেতে বলেন।
.png)
সুমন শুক্রবার সকালে তার বাবাকে ভাড়া বাড়ি থেকে নিয়ে আসলেও তালাইমারী এলাকার একটি গণশৌচাগারে ফেলে রেখে যান। খবর পেয়ে পুলিশ বিকেলে লিয়াকত আলীর তিন ছেলেকে ডেকে তাদের বাবাকে বাড়ি নিয়ে যেতে বলেন।
এ বিষয়ে বোয়ালিয়া থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন জানান, বৃদ্ধ লিয়াকত আলীর ছেলেরা মোটামুটি সচ্ছল। পালা করে তাদের বাবাকে নিজ নিজ বাড়িতে রাখতে বলা হয়েছে। এর ব্যতিক্রম হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। পিতামাতার ভরণ-পোষণ না করলে শাস্তির বিধান রয়েছে বলেও জানান তিনি।