ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রিকশায় ফেলে যাওয়া ১ লাখ ৮০ হাজার টাকা ফেরত দিলেন চালক

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৮, ১৪ মার্চ ২০২৩
রিকশায় ফেলে যাওয়া ১ লাখ ৮০ হাজার টাকা ফেরত দিলেন চালক
রিকশায় ফেলে যাওয়া টাকা ফেরত দিলেন চালক

ভুল করে রিকশায় ফেলে যাওয়া এক লাখ ৮০ হাজার টাকা মালিককে ফিরিয়ে দিলেন রিকশাচালক রাশেদ। সোমবার রাতে ফেনী শহরের রেজিস্ট্রি অফিসে গিয়ে শপিং ব্যাগে রাখা টাকা ব্যাগসহ বুঝিয়ে দেন তিনি। রাশেদ লক্ষ্মীপুর সদর থানার চরমার্টিন এলাকার আবুল কাশেমের ছেলে।

টাকার মালিক মো. ইউসুফ বলেন, আমার বোনের মেয়ের জামাতার বিদেশ যাওয়ার জন্য এক লাখ ৮০ হাজার টাকা নিয়ে রিকশাযোগে ফেনী শহরের ইসলামী ব্যাংকে জমা দিতে যাচ্ছিলাম। ভুলে টাকার ব্যাগটি রিকশায় রেখে ব্যাংকে ঢুকে পড়ি। পরে দেখি টাকার ব্যাগটি নেই। দ্রুত নিচে নেমে দেখি রিকশাচালকও নেই। টাকা হারিয়ে হতবিহ্বল হয়ে পড়ি। টাকাগুলো ফিরে পেয়ে আমি খুবই আনন্দিত।

রিকশাচালক রাশেদ বলেন, বাসায় যাওয়ার পথে রিকশায় একটা শপিং ব্যাগ দেখতে পেয়ে খুলে দেখি অনেক টাকা। টাকাসহ ব্যাগটি বাসায় নিয়ে হেফাজতে রাখি। একপর্যায়ে টাকার মালিককে খুঁজতে বের হয়ে পেয়ে যাই। টাকাগুলো প্রকৃত মালিকের হাতে তুলে দিয়েছি।

Advertisement

তিনি আরো বলেন, টাকাগুলো মালিকের হাতে তুলে দিতে পেরে আমি খুবই আনন্দিত। টাকার মালিকও হারানো টাকা ফিরে পেয়ে দারুণ খুশি।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!