ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, দপ্তরি আটক

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩০, ২ মার্চ ২০২৩
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, দপ্তরি আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

সিলেটের জৈন্তাপুরে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ চেষ্ঠার অভিযোগে ওই বিদ্যালয়ের দপ্তরিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে উপজেলার চারিকাটা ইউপির পশ্চিম সরুখেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দফতরিকে আটক করে জনতা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। আটক দপ্তরি রিপন চন্দ্র পশ্চিম সরুখেল গ্রামের মনই চন্দ্রের ছেলে।  

জৈন্তাপুর মডেল থানার ওসি ওমর ফারুক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

জানা যায়, বেশ কিছুদিন থেকে অভিযুক্ত দপ্তরি রিপন চন্দ্র পশ্চিম সরুখেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল। দু্ইদিন আগে ওই ছাত্রীকে ডেকে নিয়ে বিদ্যালয়ের একটি কক্ষে শারীরিক নির্যাতন করে। ঘটনাটি ভিকটিম তার পরিবারের সদস্যদের জানায়। পরিবারের সদস্যরা প্রধান শিক্ষকসহ দপ্তরির পরিবারকে জানালে কোনো সুরাহা হয়নি। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এলাকাবাসী একত্রিত হয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে বিদ্যালয়ের দপ্তরি রিপন চন্দ্রকে বিদ্যালয়ের একটি কক্ষে আটক করে রাখেন। খবর পেয়ে চারিকাটা ইউপি চেয়ারম্যান সুলতান করিম, জৈন্তাপুর মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) নিখিল চন্দ্র দাস ও মোস্তাফিজ বিদ্যালয়ে পৌঁছলে এলাকাবাসী দপ্তরিকে পুলিশের হাতে তুলে দেন।

ঘটনার পর পর পরিস্থিতি বেগতিক দেখে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই বিদ্যালয় হতে পালিয়ে যান।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহ মিফতাউজ্জামান বলেন, আমরা বিষয়টি জানতে পেরেছি। তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

জৈন্তাপুর মডেল থানার ওসি ওমর ফারুক বলেন, সংবাদ পেয়ে পুলিশের টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে দপ্তরিকে আটক করে থানায় আনা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!