ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চুরি হওয়া গরু উদ্ধারে গিয়ে প্রাণটাই খোয়ালেন যুবক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০৬, ২৮ ফেব্রুয়ারি ২০২৩
চুরি হওয়া গরু উদ্ধারে গিয়ে প্রাণটাই খোয়ালেন যুবক
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গরু চুরির সময় চোরকে ধরতে গিয়ে তার ছুরিকাঘাতে পারভেজ নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাতে উপজেলার অরুয়াইল ইউপির চরকাকরিয়া এলাকায় মেঘনার পাড়ে এ ঘটনা ঘটে।

নিহত পারভেজ মিয়া (২২) উপজেলার অরুয়াইল ইউপির চরকাকরিয়া এলাকার উবায়েদ উল্লাহর ছেলে। 

জানা যায়, সোমবার গভীর রাতে একটি চোরের দল নিহতের বড় ভাই হুমায়ুনের গোয়াল ঘর থেকে ২টি গরু চুরি করে পালিয়ে যাওয়ার সময় মেঘনার পাড়ে জেলেদের চোখে পড়ে। জেলেরা হুমায়ুনকে খবর দেন, খবর পেয়ে হুমায়ুন তার ছোট ভাই পারভেজকে নিয়ে গরু চোরদের ধরতে গ্রাম থেকে প্রায় এক কিলোমটার দূরে মেঘনার পাড়ে গিয়ে দেখেন, চোরচক্র আরও কয়েকজন জেলেকে মারধর করে বেঁধে ফেলে রেখেছেন।

Advertisement

পারভেজ ও হুমায়ুন একটু সামনে যেতেই চোরচক্রের ৪/৫ জন লোক অন্ধকারের মধ্যে পারভেজকে ধরে টেনে-হিঁচড়ে মেঘনার পাড়ে নিয়ে যায়। ছোট ভাইকে বাঁচাতে বড় ভাই হুমায়ুন সামনে আগাতে চাইলে তাকে গুলি করে মেরে ফেলার হুমকি দিয়ে তাড়িয়ে দেয় তারা। চোরচক্র পারভেজকে মেঘনার পাড়ে নিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে ও গরুগুলো ফেলে রেখে নৌকায় করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে স্বজন ও গ্রামবাসীরা পারভেজকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে পার্শ্ববর্তী কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে পারভেজ মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল থানার ওসি মো. আসলাম হোসেন বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন‌্য ব্রাহ্মণবাড়িয়ার জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!