এর আগে, রোববার সন্ধ্যায় কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্প থেকে আমিনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আমিন কুতুপালং ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। ৫০ হাজার টাকার লোভে আহম্মেদ কবিরকে কুপিয়ে হত্যা করেন আমিন।
পুলিশ জানায়, নিহত আহম্মেদ কবির লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের বাইয়ার পাড়ার বাসিন্দা ছিলেন। গত ১৬ ফেব্রুয়ারি সকালে ধানক্ষেতে পানি সেচ দিতে বাড়ি থেকে বের হন তিনি। সেচ দেওয়া শেষে পাশের ফকিরের বাপেরখীল এলাকার পাহাড়ি বাগানে লাকড়ি কাটতে যান। কিন্তু সন্ধ্যার পরও বাড়ি না ফেরায় খোঁজাখুঁজির একপর্যায়ে রাত সাড়ে ১০টার দিকে বাগান থেকে তার গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় লোহাগাড়া থানায় মামলা হয়।
.png)
লোহাগাড়া থানার ওসি আতিকুর রহমান বলেন, ১৬ ফেব্রুয়ারি আহম্মেদ কবিরকে কুপিয়ে হত্যা করা হয়। মামলাটির তদন্তে রোহিঙ্গাদের সম্পৃক্ততা পাওয়া যায়। তথ্য প্রযুক্তির সহায়তায় রোববার সন্ধ্যায় কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে আমিনকে গ্রেফতার করা হয়।
তিনি আরো বলেন, নিহত কবিরের বাড়িতে কাজ করতেন আমিন। দৈনিক মজুরি চাহিদা মতো না দেওয়ার ক্ষোভ এবং কবিরের সঙ্গে থাকা প্রায় ৫০ হাজার টাকার লোভে তাকে কুপিয়ে হত্যা করেন আমিন। এ কাজে তার সহযোগী ছিলেন আরো এক রোহিঙ্গা। গ্রেফতারকৃত আমিনকে আদালতে পাঠানো হয়েছে।