ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বঙ্গোপসাগরে মাছ ধরা ট্রলারে হামলা-গুলি, ৯ জেলে নিখোঁজ

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৯, ১৮ ফেব্রুয়ারি ২০২৩
বঙ্গোপসাগরে মাছ ধরা ট্রলারে হামলা-গুলি, ৯ জেলে নিখোঁজ
ফাইল ছবি

বঙ্গোপসাগরের পায়রা বন্দর থেকে পশ্চিমে বয়া এলাকায় জলদস্যু বাহিনী একটি মাছ ধরা ট্রলারে হামলা চালিয়েছে। এ সময় ট্রলারে থাকা ১৯ জেলের ওপর গুলি ও কুপিয়ে গুরুতর জখম করে। তখন ৯ জেলে সাগরে ঝাঁপিয়ে পড়ে নিখোঁজ হয়।

শুক্রবার রাত আড়াইটার দিকে পাথরঘাটা থেকে ৮০ কিলোমিটার পূর্বে বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে।

শনিবার বিকেলে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।  এ প্রতিবেদন লেখা পর্যন্ত গুরুতর জখম ৯ জেলেকে ট্রলারসহ ফিরিয়ে আনতে অপর একটি ট্রলার রওয়ানা হয়েছে।

Advertisement

নিখোঁজ জেলেরা হলেন কাইউম জোমাদ্দার (৩৫) , ইয়াছিন জোমাদ্দার (৩২), আবুল কালাম (৫৮), শফিকুল মাঝি (৩৫), খাইরুল ইসলাম (৪০), আবদুল আলীম (৫৫), ফরিদ (৩৮), আবদুল হাই (৪০)। অপর জেলের নাম পাওয়া যায়নি।

জলদস্যুদের হামলা থেকে ফিরে  আসা জেলেরা হলেন মো. মিরাজ হোসেন, আফজাল হোসেন, আলমগীর হোসেন, রায়হান, আ. করিম, খোকন মিয়া, নুর মোহাম্মদ, মধু মিয়া ও আব্দুল হক। 

জেলেদের বাড়ি বরগুনার পাথরঘাটা, তালতলী ও আমতলী এলাকায়।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, বরগুনার চরকগাছিয়া গ্রামের মনির হোসেনের মালিকানা এফবি ভাই ভাই ট্রলার বাজার সদায় নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরার উদ্দেশ্যে ১৯ জেলে রওয়ানা হয়। শুক্রবার রাত আড়াইটার দিকে পাথরঘাটা থেকে ৮০ কিলোমিটার পূর্বে পায়রা বন্দর বয়া এলাকায় পেছন থেকে একটি ট্রলার ধাক্কা দেয়। এ সময় ওই ট্রলারে অতর্কিত গুলি ছোড়ে। পরে ট্রলারে উঠে জেলেদের কুপিয়ে গুরুতর জখম করে। জলদস্যুদের হামলার শিকার হয়ে ৯ জেলে সাগরে ঝাপিয়ে পড়ে নিখোঁজ হয়।

তিনি আরও বলেন, প্রত্যেক জেলেই গুলিবিদ্ধ ও কুপিয়ে জখম হয়। এর মধ্যে খোকন, মধু ও আব্দুল হকের অবস্থা আশঙ্কাজনক।

ট্রলার মালিক মনির হোসেন বলেন, ৯ জেলে এখনো নিখোঁজ রয়েছে। বাকি ৯ জেলে গুরুতর জখম থাকায় তাদের ফিরিয়ে আনতে অন্য একটি ট্রলার পাঠানো হয়েছে। ফিরিয়ে আনতে যাওয়া জেলেরা জানায় পাথরঘাটার উদ্দেশ্যে আসার পথে সাগরে আটকা পড়েছে‌। 

তিনি আরো বলেন, প্রায় ৫ লাখ টাকার রসদ সামগ্রী লুটে নিয়ে যায় দসুরা। তবে সাগরে ঝাপিয়ে পড়া জেলেদের জীবন নিয়ে শঙ্কিত আমরা।

বরগুনা জেলা পুলিশ সুপার আ. ছালাম বলেন, আমরা এমন খবর শুনেছি। খোঁজ খবর নিচ্ছি। 

বরিশাল‌ র‌্যাব-৮ এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মাহমুদ বলেন, এখন পর্যন্ত এ রকম তথ্য পাইনি। মৎস্যজীবী নেতাদের সঙ্গে কথা বলে খোঁজ‌ খবর নিচ্ছি।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!