ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্ত্রীর নির্যাতন সইতে না পেরে ফেসবুকে পোস্ট দিয়ে ফাঁস

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫৬, ১০ ফেব্রুয়ারি ২০২৩
স্ত্রীর নির্যাতন সইতে না পেরে ফেসবুকে পোস্ট দিয়ে ফাঁস
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফেসবুকে পোস্ট দিয়ে ফাঁস দিয়ে খবির হোসেন নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার এ ঘটনায় মৃত খবির হোসেনের স্ত্রী অভিযুক্ত মুক্তি এবং তার শাশুড়ি লতিফাকে আটক করা হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে বৃহস্পতিবার  রাতে জালকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

Advertisement

খবির হোসেন চাঁদপুরের উত্তর মতলবের ওটারচর এলাকার মো. আমিনুল হকের ছেলে। বর্তমানে তিনি সিদ্ধিরগঞ্জের জালকুড়ি শিকদার বাড়ি পুল এলাকায় ইসমাঈল মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। তিনি সিদ্ধিরগঞ্জে সিএনজির ব্যবসা করতেন।

এ ঘটনায় মৃতের বাবা আমিনুল হক বাদী হয়ে বৃহস্পতিবার রাতে চারজনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযুক্তরা হলেন লতিকা, মুক্তি, রমজান ও লুৎফর রহমান।  

মৃতের বাবা আমিনুল হক জানান, মুক্তির সঙ্গে তার ছেলে খবির হোসেনের ১৪ বছর আগে বিয়ে হয়। তাদের সংসারে দুই সন্তান রয়েছে। তার ছেলে খবির হোসেনকে তার সম্পত্তি বিক্রি করে স্ত্রীর নামে বাড়ি করার জন্য দীর্ঘদিন ধরে চাপ প্রয়োগ করে আসছিল। তার ছেলে এ বিষয়ে কর্ণপাত না করায় স্ত্রীর স্বজনরা বিভিন্ন সময় নানাভাবে তার ছেলেকে অত্যাচার ও মানসিক নির্যাতন করেছে।

বৃহস্পতিবার রাতে তারা সংবাদ পান, তার ছেলে সিলিং ফ্যানে ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

আমিনুল হক বলেন, আত্মহত্যা করার আগের দিন আমার ছেলে ফেসবুকে তিনটি পোস্ট দেন। ওই পোস্টগুলো দেখলেই বুঝা যায় আমার ছেলে মানসিক নির্যাতন সহ্য করতে না পেরেই আত্মহত্যা করেছেন।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য মরদেহ সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় থানায় একটি অভিযোগ হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!