শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, বুধবার রাতে নিজ ঘরে কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়েন তিনি। মৃত তাসলিমা আক্তার রিক্তা কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সৌদি আরব প্রবাসী ফখরুল ইসলাম মাসুমের স্ত্রী।
জানা যায়, দুই মাস আগে সৌদি আরব থেকে দেশে আসেন মাসুম। দেশে আসার পর স্ত্রী তার কাছে একটি স্কুটি বাইক কিনে দেওয়ার বায়না ধরেন। তবে মাসুম স্ত্রীকে স্কুটি কিনে দিতে রাজি হননি। এ নিয়ে অভিমান করে রিক্তা পরিবারের সদস্যদের অগোচরে ঘরে থাকা কীটনাশক পান করেন। এতে অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে তার মৃত্যু হয়।
.png)
কোম্পানীগঞ্জ থানার ওসি মো. সাদেকুর রহমান জানান, নিহতের ভাই লিখিতভাবে মৃত্যুর সংবাদ থানায় অবহিত করেছেন। এতে কাউকে অভিযুক্ত করা হয়নি। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।