দাম বাড়ার ঘোষণার পরপরই রাজশাহীতে রান্নার জন্য ব্যবহৃত এলপিজি গ্যাস সিলিন্ডারের কিছুটা সংকট দেখা দেয় বলে জানা যায়। খুচরা গ্যাস বিক্রেতা ও পরিবেশকরা জানান, এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধির পর থেকে গত কয়েকদিন তারা ঠিকমতো সরবরাহ পাচ্ছেন না।
জানা যায়, দেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ২৬৬ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ফেব্রুয়ারি মাসের জন্য প্রতি ১২ কেজির সিলিন্ডারের দর নির্ধারণ করা হয়েছে এক হাজার ৪৯৮ টাকা, যা জানুয়ারি মাসে ছিল এক হাজার ২৩২ টাকা। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে বিইআরসির পক্ষ থেকে নতুন দর জানানো হয়। সংস্থাটি প্রতি মাসেই এলপিজির দাম নির্ধারণ করে।
.png)
গ্যাসের দাম ভোক্তা পর্যায়ে যাতে বৃদ্ধি না পায় সে লক্ষ্যে কাজ করছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদফতর। বৃহস্পতিবার রাজশাহী মহানগরীতে নির্ধারিত মূল্যের বেশি দাম নেয়ায় ও মূল্য তালিকা দোকানে না থাকায় তিন প্রতিষ্ঠানকে মোট ৮২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গ্যাস সিলিন্ডারের দাম নিয়ে কেউ যেন হয়রানি না করতে পারে এজন্য অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদফতর।
গ্যাস সিলিন্ডার সংকট নিরসন ও বাজার পরিস্থিতি মোকাবিলার বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের রাজশাহী জেলার উপ-পরিচালক মাসুম আলী জানান, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সারাদেশেই ভোক্তা পর্যায়ে গ্যাসের দাম ২৬৬ টাকা বৃদ্ধি করেছে। এতে সরকার নির্ধারিত গ্যাস সিলিন্ডারের দাম হয়েছে ১৪৯৮ টাকা, যা পূর্বে ছিল ১২৩২ টাকা। সরকার নির্ধারিত দামের পরিবর্তে কেউ ভোক্তাদের কাছে থেকে বেশি দাম নিলে অবশ্যই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। এছাড়া নিয়মিত বাজার মনিটরিং অব্যাহত থাকবে।