শুক্রবার দুপুরে রাজশাহী মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া জোন) আরেফিন জুয়েল বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, বৃহস্পতিবার রাতে নগরীর চন্দ্রিমা থানার মুশরইল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- নগরীর শাহমখদুম থানার গাংপাড়া স-মিল এলাকার আজম আলীর ছেলে নাসিম ও পবা নতুনপাড়া গাংপাড়া এলাকার সাজ্জাদের ছেলে শুভ।
রাজশাহী মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েল জানান, বরই পাড়ার জেরে নগরীর ছোটবনগ্রাম উত্তরপাড়ার ডিস ব্যবসায়ী কাজেম আলী বিদ্যুতকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় তার ছোট বোন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলায় তিন যুবককে আসামি করা হয়। এর পরিপ্রেক্ষিতে তথ্যপ্রযুক্তি ও সোর্সের মাধ্যমে আসামিদের অবস্থান নিশ্চিত করা হয়। পরে রাত ১০টার দিকে মুশরইল এলাকায় অভিযান চালিয়ে আসামি নাসিম ও শুভকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
.png)
এ ঘটনায় অপর পলাতক আসামি নগরীর শাহমখদুম থানার গাংপাড়ার হান্নানের ছেলে আকাশকে গ্রেফতারের চেষ্টা চলছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।
প্রসঙ্গত, আসামিরা বৃহস্পতিবার দুপুরে ডিস ব্যবসায়ী কাজেম আলী বিদ্যুতের বাড়ির গাছ থেকে বরই পাড়ছিলেন। এ সময় কাজেম আলী বরই পাড়তে নিষেধ করেন। এ কারণে দুই তরুণের সঙ্গে তার কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে কাজেমের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যান তারা। আহত অবস্থায় কাজেমকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।