নিহতরা হলেন- কুমিল্লার তিতাস উপজেলার দুলারামপুর গ্রামের বাসিন্দা কাভার্ডভ্যান চালক মনির হোসেন এবং তিতাস উপজেলার খলিলাবাদ গ্রামের বাসিন্দা শাহ আলম। পেশায় তিনি পিকআপ চালক ছিলেন।
জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের কসকা এলাকার কাভার্ডভ্যান চালক মনির গাড়ি থেকে নেমে যান। এ সময় তার সহকারী কাভার্ডভ্যান নিয়ে চট্টগ্রামের দিকে চলে যান। মনির অন্য গাড়িতে ওঠার জন্য সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় চট্টগ্রামমুখী অন্য আরেকটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। মুহুরীগঞ্জ হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
.png)
মুহুরীগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. রাশেদ খান চৌধুরী বলেন, সিমেন্টবোঝাই কাভার্ডভ্যানটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
এছাড়া সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার মোহাম্মদ আলী বাজারের উত্তর পাশে জেরকাছাড় এলাকায় অজ্ঞাত একটি গাড়ি শাহ আলমের পিকআপটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে পিকআপের পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং শাহ আলম গুরুতর আহত হন। স্থানীয়রা পিকআপ চালক শাহ আলমকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার লাশও মর্গে রাখা হয়।
মহিপাল হাইওয়ে থানার ওসি কামাল হোসেন বলেন, দুর্ঘটনাকবলিত পিকআপটি পুলিশের হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।