রোববার বেলা ১১টার দিকে হোমনা উপজেলার চান্দেরচর ইউনিয়নের বাগসিতারামপুর বাজারে এ ঘটনা ঘটে। আহতরা হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পার্শ্ববর্তী উপজেলা মুরাদনগর এবং ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।
জানা যায়, শনিবার রাতে বাগসিতারামপুর বাজারের একটি দোকানে আক্তার উদ্দিন প্রধান এবং আবু তাহেরের মধ্যে বাজারের সভাপতির পদ নিয়ে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। রোববার সকাল ১০টায় এ ঘটনার সালিশ বৈঠক হওয়ার কথা ছিল। সময় মতো সে বৈঠকও বসেছিল। বৈঠক চলাকালে দুই পক্ষের লোকজন বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন।
.png)
আহতদের মধ্যে মো. শাহাবুদ্দিন, জজ মিয়া, মো. দুলাল মিয়া, রোমান মিয়া, সজীব ও খোকনকে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া ইসমাইল হোসেন ফিটু, জাকির হোসেন ও মো. দেলোয়ারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
হোমনা থানার ওসি সাইফুল ইসলাম বলেন, বাজার কমিটি নিয়ে দ্বন্দ্ব এবং আধিপত্য বিস্তার নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেননি।