ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ছয় কোটি টাকার ইয়াবা উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ৫

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫৮, ২৮ জানুয়ারি ২০২৩
ছয় কোটি টাকার ইয়াবা উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ৫
কক্সবাজারের টেকনাফ থেকে আটককৃতরা- ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফ থেকে সমুদ্রপথে ইয়াবার বড় চালান নিয়ে চট্টগ্রামে প্রবেশের সময় এক রোহিঙ্গাসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে ছয় কোটি টাকার ইয়াবা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার ভোর ৫টার দিকে কক্সবাজারের পেকুয়ার মগনামা লঞ্চঘাট থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- কক্সবাজারের কুতুবদিয়ার বাসিন্দা নুরুল আবছার, মো. মেহের আলী, মো. কালু, আব্দুল হামিদ এবং উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা নুরু হাসান।

র‌্যাব জানায়, টেকনাফের শাপলাপুর এলাকা থেকে ফিশিং বোটে করে ইয়াবার একটি বড় চালান নিয়ে চট্টগ্রামে যাচ্ছিল মাদক ব্যবসায়ীরা। ফিশিং বোটটি কক্সবাজারের বদরখালী হয়ে চট্টগ্রামের বাঁশখালী-আনোয়ারার দিকে প্রবেশ করার চেষ্টা করে। একপর্যায়ে ফিশিং বোটটি সুকৌশলে পেকুয়ার মগনামা লঞ্চঘাটে থামে। এ সময় সেখান থেকে ফিশিং বোটসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। একইসঙ্গে বোটে থাকা মাছ রাখার ড্রাম থেকে সাদা পলিথিনে মোড়ানো দুই লাখ ইয়াবা উদ্ধার করা হয়।

Advertisement

র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার জানান, দীর্ঘদিন ধরে তারা টেকনাফের সীমান্ত এলাকা থেকে সাগর পথে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রাম, কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। তাদের কাছ থেকে উদ্ধারকৃত ইয়াবার মূল্য প্রায় ছয় কোটি টাকা। উদ্ধারকৃত মাদকসহ আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!