ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

আত্মগোপনে স্বামী, ৫ দিন ধরে অনশনে স্ত্রী

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ২০:১১, ২১ জানুয়ারি ২০২৩
আত্মগোপনে স্বামী, ৫ দিন ধরে অনশনে স্ত্রী
ছবি: সংগৃহীত

মাত্র দেড় মাস আগে ভালোবেসে বিয়ে করেছেন। বাসা ভাড়া নিয়ে থাকলেও তোলেননি আপন নীড়ে। তবে স্ত্রীকে রেখেই আত্মগোপনে চলে যান স্বামী। তাই ভালোবাসার মানুষটির ঘরে উঠতে পাঁচদিন ধরে স্বামীর বাড়িতে অনশন করছেন স্ত্রী।

টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের ভাতগড়া গ্রামে স্বামীর বাড়িতে অনশন করছেন ভুক্তভোগী তরুণী। তার স্বামীর নাম নিরব খান। তিনি একই গ্রামের রমজান খানের ছেলে। ভুক্তভোগী তরুণীর বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়ায়।

অনশনরত তরুণী জানান, এক বছর আগে নিরবের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। দেড় মাস আগে পরিবারের অজান্তে পালিয়ে বিয়ে করেন তারা। বিয়ের পর একটি বাসা ভাড়া নিয়ে থাকতেন। কিছুদিন আগে তাকে ফেলে বাসা ছেড়ে আত্মগোপন করেন নিরব। বন্ধ রয়েছে ব্যবহৃত মুঠোফোনটিও। বাধ্য হয়ে ১৭ জানুয়ারি নিরবের বাড়িতে অনশনে বসেন তিনি।

কাকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল হোসেন বলেন, বিষয়টি জেনেছি। দুটি পক্ষ নিয়ে সমঝোতার চেষ্টা করা হবে।

সখীপুর থানার ওসি রেজাউল করিম বলেন, ঘটনাটি জানা নেই। তবে মেয়েটি আইনের সাহায্য চাইলে সহায়তা দেওয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!