ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

লক্ষ্মীপুরে স্বামী হত্যায় স্ত্রীর ১০ বছর কারাদণ্ড

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৩, ১৬ জানুয়ারি ২০২৩
লক্ষ্মীপুরে স্বামী হত্যায় স্ত্রীর ১০ বছর কারাদণ্ড
ছবি: ডেইলি বাংলাদেশ

লক্ষ্মীপুরে স্বামীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্ত্রীকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় আদালত আসামিকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। একই আদালত অপর একটি হত্যা মামলায় যুবককে হত্যার দায় প্রমাণিত না হওয়ায় পাঁচ জনকে (সকল আসামি) খালাস দেন।

সোমবার দুপুরে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ দুই মামলার রায় দেন। জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট জসিম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্র জানা যায়, ২০২১ সালের ২২ মার্চ রাতে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বামনী গ্রামে পারিবারিক বিরোধের জের ধরে স্বামী সহিদ হোসেনকে শ্বাসরোধে হত্যা করেন স্ত্রী আমেনা বেগম। বিষয়টি গোপন রেখে স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে জানান আমেনা। দাফনের জন্য গোসল করাতে নিলে গলায় আঁচড়ের দাগ দেখে সন্দেহ হলে পুলিশে খবর দেন পরিবারের লোকজন। পরে ময়নাতদন্ত প্রতিবেদনে শ্বাসরোধে হত্যার বিষয়টি উঠে আসে। এ ঘটনায় সহিদের বড় ভাই আব্দুল আলী খোকন বাদী হয়ে আমেনা বেগমকে আসামি করে ২০২২ সালের ২৯ এপ্রিল রায়পুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

এ ঘটনায় একই বছরের ২৩ মে আদালতে তদন্তপত্র দাখিল করে পুলিশ। পুলিশের তদন্ত প্রতিবেদন ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালতে দোষী সাব্যস্ত হওয়ায় আমেনা বেগমকে ১০ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

অন্যদিকে, লক্ষ্মীপুরের রামগঞ্জে পরকীয়ার জের ধরে নাসরিন সুলতানা নামে এক নারীকে হত্যা করেন রাসেল নামে এক যুবক। ঘটনাটি জানাজানি হলে স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে রাসেলকে এলোপাথাড়ি মারধর করেন। এতে মৃত্যু হয় রাসেলের। এ ঘটনায় ২০২১ সালের ১৮ এপ্রিল অজ্ঞাতনামা ৩০০ জনকে বিবাদী করে রামগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন রাসেলের স্ত্রী রুমা আক্তার। পরে ২০২২ সালের ২৬ জানুয়ারি মানিক মোল্লা, আব্দুল করিম রিপন, বিল্লাল হোসেন, আবুল খায়ের ও মোহাম্মদ হোসেনকে অভিযুক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ। আদালত অভিযোগপত্রটি পর্যালোচনা ও আসামিদের বিরুদ্ধে সাক্ষ্যপ্রমাণে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!