বিধবাকে বিবস্ত্র করে ভিডিও ধারণ, স্কুল সভাপতি কারাগারে
কুষ্টিয়ার দৌলতপুরে একটি পর্নোগ্রাফি মামলায় শুভরাজ আলী (৪৬) নামে এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাকে ৩০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ১৫ দিনের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
সোমবার দুপুরে কুষ্টিয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শ্রাবণী দাস এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি মো. মাহবুবুর রশীদ খান।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলার অপর ৫ আসামিকে খালাস দিয়েছে আদালত।
দণ্ডপ্রাপ্ত আসামি শুভরাজ আলী কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের কামালপুর গ্রামের মৃত করিম মন্ডলের ছেলে। তিনি খলিসাকুন্ডি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। বর্তমানে কামালপুর মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি।
মামলার সংক্ষিপ্ত বিবরণ এবং এজাহার সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৮ অক্টোবর রাতে অস্ত্রের মুখে জিম্মি করে হত্যার ভয় দেখিয়ে দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের কামালপুর গ্রামের বিধবা এক নারীকে মাঠের মধ্যে একটি ঘরে নিয়ে যান আসামিরা।
সেখানে ওই নারীকে বিবস্ত্র করে মোবাইলে ভিডিও ধারণ ও ছবি তোলেন। পরে তার নগ্ন ছবি ও ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন এবং চাঁদা দাবি করে। এ ঘটনায় ১৫ অক্টোবর দৌলতপুর থানায় পর্নোগ্রাফি আইনে ৬ জনের নাম উল্লেখ করে মামলা করেন ওই নারী।
এ মামলার তদন্ত শেষে ২০১৮ সালের ৩ এপ্রিল আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন দৌলতপুর থানার সাব ইন্সপেক্টর গৌতম কুমার মন্ডল। আদালত এ মামলায় ৯ সাক্ষীর সাক্ষ্য প্রমাণ শেষে রায় ঘোষণার দিন ধার্য করেন।
আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি মো. মাহবুবুর রশীদ খান বলেন, রায় ঘোষণার সময় আসামি শুভরাজ আদালতে উপস্থিত ছিলেন।