ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় ছুরিকাঘাতে প্রাণ গেল সাংবাদিকের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫৪, ৯ জানুয়ারি ২০২৩
ব্রাহ্মণবাড়িয়ায় ছুরিকাঘাতে প্রাণ গেল সাংবাদিকের
নিহত আশিকুর রহমান আশিক

ব্রাহ্মণবাড়িয়ায় ছুরিকাঘাতে এক সাংবাদিক নিহত হয়েছেন। সোমবার বিকেলে জেলা শহরের অবকাশ পার্কের সামনে এ ঘটনা ঘটে।

নিহত ২৭ বছর বয়সী আশিকুর রহমান আশিক জেলা শহরের মেড্ডা এলাকার আশরাফ উদ্দিনের ছেলে। তিনি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক পর্যবেক্ষণের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ছিলেন।

আশিক সাংবাদিকতার পাশাপাশি বেওয়ারিশ লাশ দাফন ও রক্তদানসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সংগঠন ‘বাতিঘর’ এর হয়ে কাজ করতেন।

বাতিঘরের প্রতিষ্ঠাতা মো. আজহার উদ্দিন বলেন, বিকেলে জেলা শহরের অবকাশ পার্কের সামনে বাতিঘরের একটি সভা ছিল। সভা শেষ করে মেড্ডায় একই সংগঠনের আরেকটি সভায় যোগ দিতে যাচ্ছিলেন আশিক। পার্ক থেকে বেরিয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় উঠতেই আশিককে ঘেরাও করেন কয়েকজন যুবক। একপর্যায়ে তার বুকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন তারা। পরে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পরিদর্শক (তদন্ত) সোহরাব আল হোসাইন বলেন, এ ঘটনায় মূলহোতা রায়হানকে আটক করা হয়েছে। বাকিদের আটকের চেষ্টা চলছে। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখনো জানা যায়নি।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!