ওয়ারড্রবে মিললো ৫৫ কেজি গাঁজা, গ্রেফতার ৬
কুমিল্লায় অভিনব কায়দায় ৫৫ কেজি গাঁজা ওয়ারড্রবের ভেতর লুকিয়ে রাখা ও মাদক পরিবহনের পৃথক ঘটনায় ছয়জন মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে র্যাব। এছাড়া জেলার সুয়াজাগাজী ও সদর উপজেলার অরণ্যপুর এলাকায় আরো দুইটি অভিযান চালিয়ে ৩৫ কেজি গাঁজা এবং ১২ বোতল বিদেশি মদ উদ্ধার করে র্যাব।
রোববার বিকেলে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১, সিপিসি-২ কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন। এর আগে, শনিবার রাতে বিশেষ অভিযানে এ ছয়জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- ঠাকুরগাঁ জেলার হরিপুর থানার বনগা কালিতলা গ্রামের আব্দুল আজিজের ছেলে জোবেদ আলী, একই এলাকার আব্দুল জলিলের ছেলে আশ্রাফুল হক, তোফাজ্জল হোসেনের ছেলে আনোয়ার হোসেন এবং কক্সবাজার জেলার সদর থানার দক্ষিণ রুমালিয়ারছড়া গ্রামের জাকির আহমদের ছেলেনাসির ও নীলফামারী জেলার জলঢাক থানার কিশামত বটতলা গ্রামের আজগর আলীর ছেলে ফরহাদুল ইসলাম, কুমিল্লার সদর উপজেলার রাজমঙ্গলপুর গ্রামের কালু মিয়ার ছেলে আবুল হাশেম।
র্যাব-১১, সিপিসি-২ কোম্পানি অধিনায়ক মেজর সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা ও বিদেশি মদসহ বিভিন্ন মাদকদ্রব্য সরবরাহ করে আসছিলেন। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।