শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় অভিযুক্ত গ্রেফতার
নওগাঁর রাণীনগরে শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় ২০ দিন পর অভিযুক্ত শফির মোল্লাকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৫ ডিসেম্বর) বিকেল ৩টায় জেলার মান্দা উপজেলার কাশোপাড়া ইউনিয়নের জশোপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার শফির মোল্লা উপজেলার মিরাট ইউনিয়নের জালালাবাদ গ্রামের মৃত অতি মোল্লার ছেলে।
মামলা সূত্রে জানা যায়, গত ৬ নভেম্বর দুপুরে শিশুটি বাড়ির পাশে খেলা করছিল। এ সময় প্রতিবেশী শফির মোল্লা শিশুকে খাবারের প্রলোভন দিয়ে বাড়ির ভেতরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। শিশুটির চিৎকার শুনে তার মা অভিযুক্তের বাড়িতে প্রবেশ করলে জোরপূর্বক গালিগালাজ করে বের করে দেন। বাড়ি গিয়ে শিশুটি যন্ত্রণায় কান্নাকাটি করলে তার মাকে বিষয়টি খুলে বলে। পরে শিশুকে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১০ নভেম্বর নওগাঁ সদর হাসপাতালে রেফার্ড করা হয়। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ বিষয়ে থানায় শিশুর বাবা লিখিত অভিযোগ করলে পরে তা মামলায় অন্তর্ভুক্ত হয়।
ঘটনার পর থেকেই অভিযুক্ত শফির মোল্লা পলাতক ছিলেন। মান্দা উপজেলার কাশোপাড়া ইউনিয়নের জশোপাড়া গ্রামে তার মেয়ের বাড়িতে অবস্থান করছিলেন বলে পুলিশ জানতে পারে। সোমবার বিকেলে তিনি গ্রামের মাঠে ধান কাটছিলেন। এ সময় পুলিশ দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে গ্রেফতার করা হয়।
ভুক্তভোগী শিশুর বাবা বলেন, মামলার পর থেকেই আসামির পরিবার আমাদের বিভিন্নভাবে হুমকি-ধামকি দিচ্ছিলেন। অবশেষে আসামিকে পুলিশ গ্রেফতার করেছে।
রাণীনগর থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা নাজমুল হক বলেন, মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হবে।