আখাউড়ায় জিপিএ-৫ পেল ১৭৬ জন
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় সর্বমোট জিপিএ-৫ পেয়েছে ১৭৬ জন। এরমধ্যে স্কুল থেকে ১৫২ জন, মাদরাসা থেকে ১৮ ও ভোকেশনাল থেকে ৬ জন রয়েছে। সোমবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হয়।
সর্বমোট পরীক্ষার্থী ছিল ২৫ হাজার ৫২৫ জন। পাশ করেছে ২ হাজার ৩১২ জন। গত বছরের তুলনায় এবার পাশের হার এবং জিপিএ-৫ অনেক বেড়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ২০২২ সনের এসএসসি পরীক্ষায় উপজেলার ১৬টি স্কুল থেকে ২১৫৩ জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে পাশ করেছে ১৯৬০ জন। গড় পাশের হার ৯১.০৪। উপজেলার ৬টি মাদরাসা থেকে ২৯৪ জন পরীক্ষা দিয়ে পাশ করেছে ২৮০ জন। জিপিএ-৫ পেয়েছে ১৮ জন। শতকরা পাশের হার ৯২.৩১।
এছাড়া উপজেলার একটি ভোকেশনাল টেক্সটাইল স্কুল থেকে ৭৮ জন পরীক্ষা দিয়ে ৭২ জন পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ৬ জন। গড় পাশের হার ৯২.৩১। উপজেলার ১৬টি স্কুলের মধ্যে সর্বোচ্চ জিপিএ-৫ পেয়েছে পৌর শহরের নাছরিন নবী পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ৩২ জন, বাংলাদেশ রেলওয়ে উচ্চ বিদ্যালয় থেকে ২৮ জন, মোগড়া উচ্চ বিদ্যালয় থেকে ২৫ জন, তুলাইশিমুল উচ্চ বিদ্যালয় থেকে ১৮ জন, ছতুরা চান্দপুর স্কুল এন্ড কলেজ থেকে ১৬ জন, হিরাপুর শহীদ নোয়াব মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় থেকে ৯ জন, দেবগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ৬ জন, ভাটামাতা আদর্শ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে ৪ জন, শাহপীর কল্লা শহীদ উচ্চ বিদ্যালয় থেকে ৩ জন। কর্মমট থেকে ১ জন, আমোদাবাদে ১ জন, ছয়ঘরিয়ায় ১ জন রয়েছে।
এছাড়া টেকনিক্যাল ইসলামিয়া আলিয়া মাদরাসা থেকে জিপিএ-৫ পেয়েছে ১৫ জন। রানীখার থেকে ২ জন, শাহপীর ১ জন রয়েছে। অপরদিকে, ভোকেশনাল থেকে ৬ জন জিপিএ-৫ পেয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শওকত আকবর খান বলেন, এ বছর অভিভাবক সমাবেশ করে তাদেরকে সচেতন করেছি এবং যে সব ছাত্রছাত্রী নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে শুধু তাদেরকেই চূড়ান্ত পরীক্ষার সুযোগ দেওয়া হয়েছে। তাই এ বছর গত কয়েক বছরের তুলনায় ভালো ফল পেয়েছি।