সেন্টমার্টিন থেকে ১১২০ বোতল বিদেশি মদ উদ্ধার
কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন ছেঁড়া দ্বীপে অভিযান চালিয়ে ১ হাজার ১২০ বোতল বিদেশি মদ জব্দ করেছেন কোস্টগার্ডের সদস্যরা।
রোববার দুপুরে কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে কোস্টগার্ড পূর্ব জোন অধিনস্থ বিসিজি স্টেশন সেন্টমার্টিন কর্তৃক ছেঁড়া দ্বীপ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন ছেঁড়া দ্বীপে বনের ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৭১টি প্লাস্টিকের বস্তা দেখতে পাওয়া যায়।
বস্তাগুলো তল্লাশি করে ১ হাজার ১২০ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। এ সময় জব্দকৃত বস্তাগুলোর প্রকৃত মালিককে খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে জব্দকৃত বিদেশি মদ আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
টেকনাফ মডেল থানার ওসি আব্দুল হালিম জানান, কোস্টগার্ড অভিযান পরিচালনা করে ১ হাজার ১২০ বোতল বিদেশি মদ উদ্ধার করে থানায় হস্তান্তর করেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।